ল্যাপটপ না পেয়ে কলেজছাত্রীর আত্মহত্যা
রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে গতকাল শুক্রবার ভোরে তামান্না পারভীন (১৮) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, ল্যাপটপ কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন। মিরপুর থানার এসআই ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, তামান্না মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। তিনি মা-বাবার সঙ্গে পশ্চিম কাজীপাড়ার এক বাসায় থাকতেন। গতকাল ভোর চারটার দিকে ওই বাসার বাথরুম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। লাশটি বাথরুমের ঝরনার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ছিল। এসআই বলেন, তামান্নার বাবা আবু বকর বাসের তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) হিসেবে কাজ করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। তামান্নার গ্রামের বাড়ি পাবনার সুজানগরে। দুই হাজতির মৃত্যু: গত দুই দিনে আবদুল মান্নান হাওলাদার (৪০) ও মো. রাসেল (৩০) নামে দুই হাজতির মৃত্যু হয়েছে। সূত্র জানায়, আবদুল মান্নান ২০১১ সালে দারুসসালাম থানায় নারী ও শিশু নির্যাতন আইনে হওয়া মামলার আসামি ছিলেন। গতকাল শুক্রবার ভোরে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। বাবা মো. আইজুদ্দিন। সূত্র আরও জানায়, আগের দিন শুক্রবার রাত ১২টার দিকে হাজতি মো. রাসেল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তিনি সবুজবাগ থানার একটি অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। রাসেলের গ্রামের বাড়ি শরীয়তপুরের জাজিরায়। বাবা আবদুল জব্বার।