ল্যাপটপ, প্রজেক্টর সবই আছে মাল্টিমিডিয়ায় পাঠদান হয়না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর আগে মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও একটি ছাড়া বাকি চারটিতে আজও শুরু হয়নি। সরকারের এই প্রকল্পের অধীনে দেওয়া ল্যাপটপ কম্পিউটার ও প্রজেক্টরগুলো কোথাও বিদ্যালয়প্রধান, কোথাও-বা শিক্ষা কর্মকর্তা ব্যবহার করছেন। কোথাও আবার বিদ্যুৎ বা শ্রেণীকক্ষের সংকটে আধুনিক প্রযুক্তিতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে।

গোপালগঞ্জ প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, ২০১১ সালে পিইডিপি-২ প্রকল্পের আওতায় গোপালগঞ্জের পাঁচটিসহ সারা দেশে ৫০৩টি মডেল প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়ায় পাঠদানের উদ্যোগ নেওয়া হয়। এই কর্মসূচি বাস্তবায়নে প্রতিটি বিদ্যালয় থেকে চারজন করে শিক্ষক নির্বাচিত করে তাঁদের ১১ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একটি করে ল্যাপটপ কম্পিউটার, মডেম, প্রজেক্টর, স্ক্রিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়।

মুকসুদপুর উপজেলার ১ নম্বর টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল ইসলাম বলেন, স্কুলে শিক্ষার্থী ৭৯৮ জন, শ্রেণীকক্ষ ১০টি। ফলে শিক্ষা কার্যালয় থেকে সপ্তাহে অন্তত একটি ক্লাস নিতে বললেও তা সম্ভব হয়নি। যেহেতু বিদ্যালয়ের কাজে লাগানো যায়নি, তাই ভালো রাখতেই ল্যাপটপ কম্পিউটারটি নিজে ব্যবহার করেন তিনি।

কাশিয়ানী উপজেলার ২৭ নম্বর কাশিয়ানী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও এ পর্যন্ত মাল্টিমিডিয়া পদ্ধতি ব্যবহার করে কোনো ক্লাস হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য মাঝেমধ্যে প্রজেক্টর ব্যবহার করে পাঠদানের দাবি করেছে। তবে শিশু শ্রেণীর বেশ কয়েকজন শিক্ষার্থী জানায়, তারা কখনো প্রজেক্টর দেখেনি। প্রধান শিক্ষক কামরুল হাসান জানান, ল্যাপটপ কম্পিউটারটি উপজেলা শিক্ষা কর্মকর্তা জামাল উদ্দিন খানের কাছে আছে। জামাল উদ্দিন বলেন, দাপ্তরিক প্রয়োজনে তিনি ওটা নিয়েছেন। শিগগিরই দিয়ে দেবেন।

টুঙ্গিপাড়ার জিটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর তাইয়েবা ইসলাম, তাহেরা ইসলাম, মোহম্মদ উল্লাহ জানায়, তারা এ পর্যন্ত পাঁচ থেকে ছয় দিন প্রজেক্টরে ক্লাস করেছে। সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা অবশ্য দাবি করেন, মাঝেমধ্যে তাঁরা প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করে থাকেন।

কোটালীপাড়া উপজেলার ৫ নম্বর কেপি মডেল বিদ্যালয়ের সমস্যা ভিন্ন, এখানে বিদ্যুৎ নেই। প্রধান শিক্ষক খান মোহাম্মদ মোল্লা বলেন, ‘পাশের উচ্চবিদ্যালয় থেকে বিদ্যুৎ সংযোগ এনেছিলাম। কিন্তু অবৈধ বিধায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সংযোগটি বিচ্ছিন্ন করে দিয়েছে। তাই মাল্টিমিডিয়ায় পাঠদানও বন্ধ। ল্যাপটপ এখন বিদ্যালয়ের অন্য কাজে ব্যবহার করা হয়।’

তবে শহরের এস এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র একেবারেই ভিন্ন। এখানে শুরু থেকেই একটি কক্ষে প্রজেক্টরের মাধ্যমে পাঠদান করা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, ‘ল্যাপটপসহ অন্যান্য যন্ত্র কোথায়, কী অবস্থায় আছে, খোঁজ নিয়ে প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’