ল্যাপটপ মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলার প্রথম দিনে একটি স্টলের দৃশ্য l প্রথম আলো
মেলার প্রথম দিনে একটি স্টলের দৃশ্য l প্রথম আলো

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে ল্যাপটপ মেলা। গতকাল বৃহস্পতিবার উদ্বোধনী দিনে সকাল ১০টা থেকেই মেলা দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। ১৬ বারের মতো এ মেলার আয়োজন করেছে এক্সপো মেকার।
ল্যাপটপ, নেটবুক কম্পিউটার এই মেলার প্রধান আকর্ষণ। এবারও মেলায় নতুন প্রযুক্তির ল্যাপটপ যেমন থাকছে, তেমনি থাকছে প্রতিটি পণ্যেই ছাড়সহ নানা সুবিধা। আবার অ্যান্টিভাইরাস সফটওয়্যারসহ ল্যাপটপের নানা অনুষঙ্গও পাওয়া যাচ্ছে মেলায়।
মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় তরুণ প্রজন্মের দর্শকই বেশি। তাঁরা গুরুত্ব দিচ্ছেন ছাড়, উপহার আর নতুন প্রযুক্তির বিষয়গুলোয়। মেলায় খ্যাতনামা ব্র্যান্ডের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। আসুস, অ্যাপল, এসার, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, সনি, টুইনমস প্রভৃতি ব্র্যান্ডের কম্পিউটার দেখানো হচ্ছে বিভিন্ন স্টলে। আরও আছে গিগাবাইট, ডিলাক্স, এক্সট্রিম, লজিটেক, ডিলিংক, আইনল, শাওমি, এইচটিএস, মাইক্রোল্যাব, প্রেস্টিজিও, ইসেট ইত্যাদি ব্র্যান্ডের পণ্য।
এবারের মেলায় রয়েছে একাধিক সেমিনার ও কর্মশালা। গতকাল বেলা ১১টায় অনুষ্ঠিত হয় ‘অ্যামাজন অ্যাফিলিয়েট বাংলাদেশ মিটআপ’ শীর্ষক সেমিনার। আজ শুক্রবার বেলা তিনটায় মালয়েশিয়ায় শিক্ষাবৃত্তি এবং ই-কমার্স স্টার্টআপ বিষয়ে দুটি সেমিনারের আয়োজন করেছে এডুমেকার। বিকেল পাঁচটায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে থাকছে ‘কিসে তোমাকে আটকে রেখেছে’ শীর্ষক সেমিনার।
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহাম্মদ খান বলেন, ‘এবারের ল্যাপটপ মেলা আমাদের সবচেয়ে বড় আয়োজন। মেলার টিকিট বিক্রির টাকা দৈনিক কালের কণ্ঠ-এর সহসম্পাদক লতিফুল হকের চিকিৎসা তহবিলে দেওয়া হবে।’ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশমূল্য ৩০ টাকা। মেলা শেষ হবে আগামীকাল শনিবার।