ল্যাপটপ ‘দোয়েল’ শিগগির উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি জুলাই মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপ উৎপাদনে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিফোন শিল্প সংস্থা (টেশিস)। ইতিমধ্যে প্রয়োজনীয় মেশিনপত্র স্থাপনের কাজ প্রায় সম্পন্ন হয়েছে।ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ গতকাল শুক্রবার সকালে ল্যাপটপ তৈরির প্রক্রিয়ার অগ্রগতি দেখতে টঙ্গীতে টেশিস পরিদর্শন করেন। মন্ত্রী এ সময় কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।টেশিস সিবিএর সাধারণ সম্পাদক মো. ইউনুস আলী বলেন, মালয়েশিয়ান টিএফটি কোম্পানি ও বাংলাদেশের টেলিফোন শিল্প সংস্থার যৌথ উদ্যোগে ল্যাপটপ তৈরির প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। গতকাল থেকে মালয়েশিয়ান টিএফটি কোম্পানির কর্মকর্তারা টেশিস কর্মচারীদের ল্যাপটপ তৈরির প্রশিক্ষণ দিচ্ছেন। টেশিস কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে চলতি জুলাই মাসের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর ল্যাপটপ উৎপাদন কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।পরিদর্শনকালে মন্ত্রী জানান, প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ বিতরণ করা হবে। পরে পর্যায়ক্রমে জনগণের কাছে সরাসরি সুলভ মূল্যে ল্যাপটপ বিক্রয় করা হবে। টেশিসের তৈরি ল্যাপটপের আকার হবে ১০, ১২ ও ১৪ ইঞ্চি। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের ছবিযুক্ত বহু কাঙ্ক্ষিত এই ল্যাপটপের নামকরণ করা হয়েছে ‘দোয়েল’। ল্যাপটপটি ওপেন করতেই এর মনিটরে আমাদের জাতীয় পাখি ‘দোয়েল’ ভেসে উঠবে। দেশীয় তৈরি দোয়েল ল্যাপটপের মূল্য এখনো নির্ধারণ করা হয়নি। তবে ১০ ইঞ্চি ল্যাপটপের মূল্য ১২-১৩ হাজার টাকা হতে পারে বলে টেশিস সূত্রে জানা গেছে।