ল্যাপটপসহ দুই চোর গ্রেপ্তার
হাটহাজারী থানার পুলিশ দুটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা ও দুটি মোবাইল ফোনসেটসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার সাতকানিয়া উপজেলার খাগরিয়া থেকে চোরদের গ্রেপ্তার করা হয়। দুই চোরের নাম আবদুস শুক্কুর (৩০) ও নুর মোহাম্মদ (২৮)। পুলিশ জানিয়েছে, তাঁরা পেশাদার চোর। তাঁদের বাড়ি সাতকানিয়ায়। জানা যায়, গত ৯ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক খ আলী আর রাজী ও আতিকুর রহমানের দক্ষিণ ক্যাম্পাসের বাসায় চুরি হয়। চোরেরা বাসা থেকে একটি ল্যাপটপ কম্পিউটার, একটি ক্যামেরা, একটি মোবাইল ফোনসেট ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে আতিকুর রহমান বাদী হয়ে ওই দিনই হাটহাজারী থানায় মামলা করেন। হাটহাজারী অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, সাতকানিয়া থেকে চুরির কাজে জড়িত আবদুস শুক্কুর ও নুর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়। এ দলের আরেক সদস্য জসিম উদ্দিন পলাতক।