সিলেট শহরতলির পূর্ব দলইপাড়ায় দাদি-নাতনি খুনের পেছনে ছিল একটি ল্যাপটপ। ওই বাড়ি থেকে ল্যাপটপ চুরি করে নিয়ে যাওয়ার সময় শিশু সাবিহা আক্তার ওরফে সাদিয়া (৭) দেখে ফেলায় তাকে গলা টিপে হত্যা করেন তারই খালাতো ভাই মাহবুবুল আলম (১৯)। এ ঘটনা দেখে ফেলায় রড দিয়ে গলায় আঘাত করে খুন করা হয় দাদি মোমিনা খাতুনকে (৭০)। গতকাল বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম (পঞ্চম) আদালতে মাহবুব ও তাঁর সহযোগী রুহুল আমিন ওরফে রানাকে পুলিশ হাজির করলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারক আবুল মোমেন ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। পুলিশ জানায়, ৯ জুন দুপুরবেলা নিজঘরে সংঘটিত দাদি-নাতনি খুনের ঘটনায় বেসরকারি সংস্থায় কর্মরত সাবিহার বাবা নাসিরউদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তদন্তে নেমে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) একটি দল গত মঙ্গলবার রাতে মাহবুব আলমকে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করে। পরে ল্যাপটপ ক্রেতা রুহুল আমিন ওরফে রানা নামের অপর এক যুবককেও গ্রেপ্তার করে বুধবার পুলিশে সোপর্দ করা হয়। দুজনই র্যাবের কাছে খুনের দায় স্বীকার করেন। গতকাল দুজনকে আদালতে হাজির করলে তাঁরা স্বীকারেক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। বেলা তিনটা থেকে সন্ধ্যা পৌনে সাতটা পর্যন্ত দুজনের জবানবন্দি রেকর্ড করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ শাহিনউদ্দিন জানান, জবানবন্দি রেকর্ড হওয়ার পর রাতেই দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।