চিকিৎসায় অবহেলার অভিযোগে ল্যাবএইড হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুর ঘটনা তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।একই সঙ্গে ওই ঘটনায় কেন মামলা করা হয়নি, তা ১০ অক্টোবরের মধ্যে জানাতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে স্কয়ার হাসাপাতালে শিশু বদলের অভিযোগের বিষয়ে তদন্ত করতেও বলা হয়েছে। পাশাপাশি শিশুটির ডিএনএ সিঙ্গাপুরে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করতেও বলা হয়েছে। আগামী ২০ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আদালতের নির্দেশনা অনুসারে গতকাল হাইকোর্টে হাজির হন ল্যাবএইড কোম্পানি পাবলিক লিমিটেডের চেয়ারম্যান সালেহা আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্য আবু মোহাম্মদ শামীম, সুচরিতা আহমেদ, এ কে এম মাহবুবুল হক, মঞ্জুর রহমান এবং সংশ্লিষ্ট চিকিৎসক মুনীরা আফরিন ও মাজেদুল ইসলাম। এ ছাড়া ছিলেন স্কয়ার হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা কে এম সাইফুল ইসলাম এবং দুই চিকিৎসক দেবযানী সানিয়েল ও নার্গিস ফাতেমা। তাঁদের ধার্য তারিখে আবার হাজির হতে বলা হয়েছে। এর আগে চিকিৎসায় অবহেলা ও শিশু বদলের অভিযোগে করা পৃথক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এসব কর্মকর্তাকে তলব করেন। জানা গেছে, শিশু বদলের অভিযোগে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে স্কয়ার হাসপাতালের বিরুদ্ধে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি ও বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. আজিম উদ্দিন হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে ১৪ আগস্ট আদালত রুল জারিসহ নির্দেশনা দেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগে ল্যাবএইডের বিরুদ্ধে অপর রিট আবেদনটি করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।