ল্যাবএইডে কর্মচারীকে নির্যাতন, কর্মবিরতি চাকরিচ্যুত ৩ জন
ল্যাবএইড হাসপাতালের চিকিৎসা প্রযুক্তিবিদ (মেডিকেল টেকনোলজিস্ট) যুগোল কৃষ্ণ দত্তের ওপর তিন কর্মকর্তার নির্যাতনের প্রতিবাদে প্রতিষ্ঠানের কর্মচারীরা গতকাল শনিবার কর্মবিরতি পালন করেছেন। এদিকে যুগোলকে নির্যাতনের অভিযোগে তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে ল্যাবএইড কর্তৃপক্ষ। গতকাল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম প্রথম আলোকে বলেন, সবদিক বিবেচনা করে হাসপাতালের বিপণন পরিচালক আল এমরান চৌধুরী, প্রশাসন ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম ও ল্যাব সমন্বয়কারী চিকিৎসক বিকাশকে অপসারণ করা হয়েছে।হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, চাকরিচ্যুত তিন কর্মকর্তা গত ২১ সেপ্টেম্বর যুগোল কৃষ্ণ দত্তকে হাত-পা বেঁধে বেদম মারধর করেন। যুগোল অচেতন হলে মরে গেছে ভেবে তাঁকে হাসপাতালের লাশঘরে ফেলে রাখা হয়। পরে যুগলের জ্ঞান ফিরলে তিনি আর ওই হাসপাতালে কাজ করবেন না— এমন মুচলেকা নেওয়া হয়।এই নির্যাতনের ঘটনার প্রতিবাদ করেন হাসপাতালের প্রযুক্তিবিদ ও কর্মচারীদের একটি অংশ। তাঁরা যুগোলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। কিন্তু ল্যাবএইড কর্তৃপক্ষ তিন দিনেও অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় কর্মচারীরা গতকাল সকাল থেকে কর্মবিরতিতে যান। তাঁরা যুগোলের ওপর বর্বর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এরপর বিকেলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি সভা করে তিনজনকে চাকরিচ্যুত এবং যুগোলের চিকিৎসার খরচ বহন করার সিদ্ধান্ত নেয়।