ল্যাবএইডের এমডি চিকিৎসকসহ তিনজনকে হাইকোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগের বিষয়ে বেসরকারি হাসপাতাল ল্যাবএইডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সংশ্লিষ্ট চিকিৎসক ও নিরাপত্তাপ্রধানকে তলব করেছেন হাইকোর্ট। এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ২১ মার্চ তাঁদের আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি এ আদেশ দেন।ভুল চিকিৎসায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন শাস্তিমূূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ‘ল্যাবএইডে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু, প্রতিবাদ জানাতে গিয়ে হামলায় আহত ৫’ শিরোনামে গত মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। বিষয়টি আদালতের নজরে আনেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি বলেন, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মৃদুল কান্তির চিকিৎসার ক্ষেত্রে অবহেলার অভিযোগে আদালতে রিট করা হয়েছিল। সেখানে ল্যাবএইড কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিয়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবে—এমন অঙ্গীকার করেছিল বলে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। কিন্তু আবার তাদের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। পরে আদালত রুল জারি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ভুল চিকিৎসার অভিযোগ ব্যাখ্যা করতে ল্যাবএইড হাসপাতালের এমডি চিকিৎসক সৈয়দ মোজাফফর ও নিরাপত্তাপ্রধানকে ২১ মার্চ হাজির হতে নির্দেশ দিয়েছেন।