লড়বেন দুই সাবেক এক বর্তমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি মেয়র পদে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করেছে। তিনজনের মধ্যে দুজন সাবেক পৌর মেয়র ও একজন সাবেক পৌর চেয়ারম্যান। আগেভাগেই মনোনীত হওয়ায় নির্বাচনী গণসংযোগ তাঁরা শুরু করেছেন আগে থেকেই। তবে নির্বাচনী মাঠে সবচেয়ে তৎপর ভূমিকায় রয়েছেন আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী।

পীরগঞ্জে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কশিরুল আলম।

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য গত ৬ অক্টোবর দলীয় মনোনয়ন চেয়ে আবেদন করেন চারজন। এর মধ্যে দুজনের আবেদন বৈধ ঘোষণা করা হয়। প্রার্থী মনোনীত করতে গত ১০ অক্টোবর গোপন ব্যালটে নির্বাচন হয়। ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইমদাদুল হকের নেতৃত্বে ১০ সদস্যের বাছাই কমিটি এ নির্বাচন পরিচালনা করে। এতে দলীয় কাউন্সিলরদের ভোটে কশিরুল আলম বিজয়ী হন। পরাজিত অপর প্রার্থী হলেন মোজাহারুল ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল দল। এখানে দল যাঁকে মনোনয়ন দেবে আমি তাঁর পক্ষেই কাজ করব।’

বিএনপির প্রার্থী হতেও চারজন আবেদন করেছিলেন। এঁরা হলেন বর্তমান মেয়র এবং বিএনপি পৌর শাখার সভাপতি রাজিউর রহমান, পৌর শাখার সম্পাদক রেজাউল করিম রাজা, কর্মী আসাদুজ্জামান মানু এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম বলেন, রাজিউর রহমানকে সর্বসম্মতিক্রমে মেয়র পদে বিএনপির দলীয় প্রার্থী মনোনীত করা হয়।

এ প্রার্থিতা চূড়ান্ত করতে গত ২৯ অক্টোবর সকাল ১০টায় পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে বিএনপির উপজেলা সভাপতি জাহিদুর রহমানের সভাপতিত্বে জরুরি সভা হয়। পৌর ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক ২৭ এবং বিএনপি পৌর ও উপজেলা কমিটির ৩২ মিলে মোট ৫৯ জন নেতা-কর্মীর প্রকাশ্য ভোটে এ মনোনয়ন দেওয়া হয়।

জাতীয় পার্টির প্রার্থী বাছাই করতে ১৭ নভেম্বর বিকেলে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ হাফিজউদ্দীন আহম্মদের সভাপতিত্বে তাঁর চাতালে জরুরি সভা হয়। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইসাহাক আলী বলেন, ওই সভায় পীরগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির সদস্য, জেলা জাতীয় পার্টির শ্রমবিষয়ক সম্পাদক গোলাম হোসেনকে এবারের জন্য পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়।