লড়াই আমি করছি আপনারা বাড়ি যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে এমপিওভুক্ত করার ক্ষেত্রে এখন ‘আর্থিক ক্ষমতা’ সরকারের নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শনিবার সিলেটে এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী সরকারের আর্থিক ক্ষমতা না থাকার কথা জানান। তবে এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী আন্দোলনকারী শিক্ষকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের লড়াই আমি করছি। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান। পর্যায়ক্রমে এমপিওভুক্তি হবে।’বিকেলে সিলেট স্টেডিয়ামে ৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকেরা এমপিওভুক্তির দাবিতে ঢাকায় অবস্থান করে বেসরকারি শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছি। এখন দাবিদার আরও পাঁচ হাজার। এতগুলো শিক্ষাপ্রতিষ্ঠানকে একসঙ্গে এমপিওভুক্ত করার এখন আর্থিক ক্ষমতা নেই। তবে আমরা পথ বের করছি। কীভাবে কী করা যায়। তাই শিক্ষকদের প্রতি আমার অনুরোধ—আপনারা শ্রদ্ধেয় মানুষ। আপনাদের কষ্ট করে আন্দোলন-লড়াই করতে হবে না। আমি আগেও বলেছি, এখনো বলি—আপনাদের লড়াই আমি করছি। আর আন্দোলন করতে হবে না। আপনারা নিশ্চিন্তে বাড়ি যান।’বিগত সরকারের আমলে কিছুই হয়নি জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা শুরু করেছি। এমপিওভুক্তির পুরো প্রক্রিয়াটি বলতে গেলে সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। পর্যায়ক্রমে করা হবে।’