ঢাকা উত্তর: সংরক্ষিত ওয়ার্ড—৪: মিরপুর ৬ ও ৭, পল্লবী, রূপনগর, মিরপুর ১, বক্সনগর, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন
লড়াই দলের সহকর্মীদের সঙ্গেই

একটি কাউন্সিলর পদের জন্য লড়ছেন ১৬ জন। সেই ১৬ জনের আটজন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সঙ্গে সংযুক্ত, দুজন বিএনপির। ঢাকা উত্তরের সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে ভোটের লড়াই হচ্ছে দলীয় সহকর্মীদের সঙ্গেই।
গতকাল বুধবার সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ ও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত প্রার্থীদের প্রত্যেকেই নিজেকে সবচেয়ে যোগ্য মনে করছেন। আর নিজেদের যোগ্য প্রমাণ করতে তাঁরা প্রতিশ্রুতির পসরা নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন। নিজেদের গুণকীর্তন করছেন, দলের অসহযোগিতামূলক মনোভাবের সমালোচনা করছেন, ঘুরিয়ে-পেঁচিয়ে কেন তিনি নিজ দলের বিদ্রোহী প্রার্থী ও অন্য সবার চেয়ে আলাদা সে বিষয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ করছেন।
মিরপুর ৬ ও ৭, পল্লবী, রূপনগর, মিরপুর ১, বক্সনগর, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন—এই নিয়ে সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ড। এতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আট প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন: জেবুন্নেসা, নাসিমা আক্তার, নীলুফার ইয়াসমীন, ফরিদা, মোসা. নাসরিন আক্তার, রাশিদা আক্তার ঝর্ণা ও শেখ নাগমা মুন্নী। বিএনপির প্রার্থী আছেন দুজন। এঁরা হলেন মাসুমা খাতুন ও সৈয়দা মিলি জাকারিয়া। নাসরিন আক্তারকে সমর্থন দিয়েছে আওয়ামী লীগ।
নীলুফার ইয়াসমীন বলছিলেন, দল যাঁকে সমর্থন দিয়েছে তিনি পেছনের সারির কর্মী। কিন্তু স্থানীয় সাংসদ ও মহিলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা তাঁর সঙ্গে আছেন।
দলের সমর্থন না পেয়ে পল্লবী থানা মহিলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নাজমা হোসেন সরে দাঁড়িয়েছেন। দুঃখ করে বলছিলেন, ‘দেখেন যারা ইলেকশন করতেছে তারা সবাই আমার চেয়ে বয়সে ছোট। আমি সইরা দাঁড়াইলাম। বাকিরা শুনল না। দলের কথা কেউ ভাবল না।’ দলের ভেতর এত প্রার্থী হওয়ায় শেষ পর্যন্ত বিরোধী দলের বা স্বতন্ত্র কেউ জিতে যেতে পারে এই আশঙ্কা তাঁর।
শিলপাটা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির মাসুমা খাতুন। মিরপুর গার্লস আইডিয়াল কলেজের সাবেক ছাত্রনেতা তিনি। দলে তাঁর প্রতিদ্বন্দ্বী সৈয়দা মিলি জাকারিয়া। মাসুমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমি ২৫ বছর ধরে রাজনীতি করছি। এলাকার সবাই চেনাশোনা। আমার বাড়ির লোকজন এলাকাছাড়া। তার পরও নির্বাচন করতেছি। জিতব ইনশা আল্লাহ।’ এই ওয়ার্ডে বিএনপির সমর্থন পেয়েছেন সৈয়দা মিলি জাকারিয়া।
আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত প্রার্থীদের বাইরেও আছেন জাতীয় পার্টির সেলিমা খান। গতকাল তাঁর সঙ্গে দেখা করার চেষ্টা করলেও তাঁর এক কর্মী পরে সময় দেবেন বলে জানান। হলফনামা অনুযায়ী তিনি মেডিকেল ডিপ্লোমাধারী এবং নির্বাচনে নিজের উপার্জিত অর্থ থেকে ১০ লাখ টাকা খরচ করছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তাঁর ব্যয়ই সবচেয়ে বেশি। মিরপুর চিড়িয়াখানার সামনে তাঁর শত শত পোস্টার ঝুলছে। এতে তিনি নিজেকে ‘ডাক্তার’ হিসেবে পরিচয় দিচ্ছেন। ভোটারদের সঙ্গে এই প্রতারণা কেন জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন আরেক প্রার্থী রোকসানা আক্তার। পেশায় আইনজীবী এই প্রার্থী গতকাল বুধবার বিকেলে পরিবারের সব সদস্যকে নিয়ে গণসংযোগে বেরোন। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমার এলাকায় নারীরা খুব ভোগে। প্রায়ই আমার কাছে আইনি সহায়তা নিতে আসে। হুট করে সিদ্ধান্ত নিলাম নির্বাচন করব। বাবা ছোটবেলা থেকে চাইতেন আমি জনপ্রতিনিধি হই। এখন তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন আমার শ্বশুর আর স্বামী।’ কথা শেষ হতে না-হতেই তাঁর নির্বাচনী কার্যালয়ে উপস্থিত হন পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট স্বামী সোহেল রানা।
প্রতিদ্বন্দ্বিতা করছেন লায়ন মুশতারী বেগম। প্রথম আলোকে তিনি জানান, ঠিক সেভাবে প্রচার করে উঠতে পারছেন না। তিনটি ওয়ার্ড, এত এত মানুষ। সারা জীবন ছোট পরিসরে মানুষের জন্য কাজ করেছেন। এবার একটু বড় পরিসরে করতে চান বলেই নির্বাচন করছেন।