ছাত্রসমাজের অধিকার রক্ষা এবং ধর্মনিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক আদর্শ সমাজ গড়ার ক্ষেত্রে লড়াই-সংগ্রামের অতীত ধারা সমুন্নত রাখার আহ্বানের মধ্য দিয়ে পালিত হয়েছে ছাত্র ইউনিয়নের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী।গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে সংগঠনটির সাবেক ও বর্তমান নেতারা এ আহ্বান জানান। ‘ছয় দশকের সঞ্চিত শক্তিতে ওড়াবই বিজয় নিশান’—এই স্লোগানকে ধারণ করে জড়ো হয়েছিলেন সংগঠনের নেতা-কর্মীরা। প্রচণ্ড গরম উপেক্ষা করে তাঁরা গেয়েছেন সমাজতন্ত্রের জয়গান।জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা ওড়ানোর মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। নীল পতাকা হাতে নিয়ে বিভিন্ন জেলা থেকে আসা সংগঠনটির নেতা-কর্মীরা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাষাসৈনিক আবদুল মতিন। তিনি বলেন, ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার শুরু থেকেই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করে আসছে। আজও সেই সংগ্রাম অব্যাহত আছে। দেশের যেকোনো সংকটে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। সভাপতির বক্তব্যে গোলাম আরিফ টিপু বলেন, ‘বায়ান্ন সালে ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম। সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পর আমরা যেভাবে সংগঠনের চেতনা ধারণ করেছিলাম বর্তমান প্রজন্ম সেভাবে সংগঠনের চেতনা ধারণ করবে, এটাই প্রত্যাশা।’ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, দেশের বর্তমান রাজনীতিতে গুপ্তহত্যা, বিচারবহির্ভূত হত্যা নীতিতে পরিণত হয়েছে।ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ছাত্র ইউনিয়নকে তার হারানো ঐহিত্য ফিরিয়ে আনতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ছাত্র ইউনিয়নের দুর্গ গড়তে হবে। ছাত্র ইউনিয়নের সভাপতি ফেরদৌস আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের সাবেক সভাপতি জয়নাল আবেদিন খান, সাবেক সহকারী সম্পাদক রাবেয়া ইসলাম, সাধারণ সম্পাদক এস এম শুভ প্রমুখ বক্তব্য দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন পথ প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে মিলিত হয়। ১৯৫২ সালের ২৬ এপ্রিল বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।