
খিলগাঁওয়ে প্রবেশ করলে আর কিছু না হোক অন্তত পথগুলোর পরিচ্ছন্নতা বেশ চোখে পড়ে। খিলগাঁও, তিলপাপাড়া ও সিপাহীবাগের খানিকটা অংশ নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড। এটিকে মডেল ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। খিলগাঁও ‘এ’ ও ‘সি’ ব্লক পড়েছে দক্ষিণ সিটি করপোরেশনে এবং এ ব্লক পড়েছে উত্তরে।

গতকাল শুক্রবার ছুটির দিনে এলাকাটি ঘুরে লোকজনের সঙ্গে কথা বলে বোঝা গেল, অন্যান্য ওয়ার্ডে যেমন সাধারণ কিছু সমস্যা সারা বছরই থাকে, এখানে তা তেমন নেই। খিলগাঁও চৌরাস্তার বাসিন্দা রমজান আলী বলছিলেন, তাঁদের এলাকায় পথে ময়লা-আবর্জনার সমস্যা নেই। সিপাহীবাগ, তিলপাপাড়ার দিকে ভারী বৃষ্টি হলে কিছু কিছু সড়কে পানি জমে, তবে এ ও সি ব্লকে জলাবদ্ধতা নেই। আর প্রধান সমস্যা হলো কবরস্থান না থাকা। মামলা-মোকদ্দমার কারণে নির্মাণাধীন কবরস্থানে কবর দেওয়া শুরু হয়নি। আগে খিলগাঁওয়ের লাশ দাফন হতো শাহজাহানপুর কবরস্থানে। সেখানে আর কবর দিতে দেওয়া হচ্ছে না। লাশ দাফন করতে হচ্ছে আজিমপুর কবরস্থানে। এ কারণে এবার নির্বাচনে এলাকার কবরস্থানটি চালু করা প্রধান দাবি হয়ে উঠেছে। কাউন্সিলর পদের সব প্রার্থীই কবরস্থান চালু করার প্রতিশ্রুতি দিচ্ছেন।

এলাকাবাসীর কাছে এ ও সি ব্লক ‘ভিআইপি এলাকা’ হিসেবে পরিচিত। পথগুলো ঝকঝকে, নিজস্ব নিরাপত্তাব্যবস্থা। মোড়ে মোড়ে সিসি ক্যামেরা ইত্যাদি। খিলগাঁও রেলক্রসিং থেকে শহীদ বাকি সড়কটি অর্ধবৃত্তাকারে ঘুরে এসে মিশেছে মালিবাগ রেলক্রসিংয়ের কাছে অতীশ দীপংকর রোডের সঙ্গে। স্থানীয় লোকজনের কাছে এটি অবশ্য ‘৮০ ফুট সড়ক’ নামে পরিচিত। এই সড়কের পশ্চিম পাশে খিলগাঁও এ এবং সি ব্লক। উত্তর পাশে বি ব্লক। এর পূর্ব ও দক্ষিণে তিলপাপাড়া ও সিপাহীবাগ।
পুরো এলাকা ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টারে। বিধিমালায় দেয়ালে পোস্টার সাঁটা নিষেধ। তাই সুতলিতে লাগানো পোস্টার ঝালরের মতো ঝুলছে পথের ওপর, আর দুই পাশ দিয়ে এর তলা দিয়ে যেতে যেতে বেশ বিয়েবাড়ির সাজের মতো মনে হয়।
এই ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী আটজন। তবে পোস্টার দেখা গেল ছয়জনের। তাঁদের মধ্যে তিনজনের পোস্টারই বেশি। স্বতন্ত্র প্রার্থী নিছার উদ্দিন আহম্মেদ কাজলের প্রতীক ঠেলাগাড়ি। তিনি গতবার (২০০২ সাল) নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ওয়াহিদুল হাসান মিলটন। তাঁর প্রতীক ঘুড়ি। বিএনপি-সমর্থিত প্রার্থী হুমায়ুন কবির। তিনি ২০০২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। এ ছাড়া অল্প কিছু পোস্টার চোখে পড়ে মো. জামাল উদ্দিনের। তাঁর প্রতীক ব্যাডমিন্টন র্যাকেট। তিনিও বিএনপির বলে এলাকায় পরিচিত।

খিলগাঁও তালতলা মার্কেট, চৌরাস্তার মোড় ও রেলগেট মোড়ে হাতে গোনা কয়েকটি পোস্টার ঝুলতে দেখা গেছে কবির আহমেদের। তাঁর প্রতীক কাঁটা চামচ। তিনি জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী হিসেবে পরিচিত। কাজী ফরিদ আহমেদ নামের এক প্রার্থীর হাতে গোনা কিছু পোস্টার আছে কোথাও কোথাও। তাঁর প্রতীক লাটিম। অন্য দুই প্রার্থী মামুনুর রশীদ ও ফারুকুল ইসলামের কোনো পোস্টার চোখে পড়েনি।
এলাকাবাসীর ধারণা, এবার এই ওয়ার্ডে হবে ত্রিমুখী লড়াই। নিছার উদ্দিনের বাড়ি চৌরাস্তা মোড়েই। সামনে সাদা রং করা দুটি ঠেলাগাড়ি। প্রথম আলোকে তিনি বললেন, গত মেয়াদে তিনি এলাকার রাস্তাগুলোর ফুটপাত তৈরি ও ৮০ ফুট সড়কের ডিভাইডার তৈরি করেছেন। জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করেছেন। এবার নির্মাণাধীন কমিউনিটি সেন্টার ও কবরস্থানের কাজ শেষ করবেন। কণ্ঠশিল্পী আবদুল আলীম এই এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর নামে একটি সড়কের নামকরণ করবেন ও জরুরি চিকিৎসার সুবিধায় একটি অ্যাম্বুলেন্স চালু করবেন।
হুমায়ুন কবির প্রথম আলোকে বললেন, এবারের নির্বাচন হচ্ছে অন্য প্রেক্ষাপটে। তাই দুই প্রধান রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। তাঁর প্রধান লক্ষ্য ওয়ার্ডকে সবুজায়ন করা। তিনি নির্বাচিত হলে পর্যায়ক্রমে ১০ হাজার গাছ লাগাবেন। এখানে জলাবদ্ধতা বা আবর্জনার সমস্যা তেমন প্রকট নয়। তবে নর্দমার ব্যবস্থা আরও উন্নত করবেন। গৃহস্থালি আবর্জনা যেন রাতেই অপসারণ করা হয়, সে ব্যবস্থা এবং তিন বিঘা জায়গার ওপর প্রস্তাবিত কবরস্থানের নির্মাণ সম্পন্ন করবেন। এ ছাড়া সপ্তাহে দুই দিন গরিব রোগীদের জন্য বিনা খরচায় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে চিকিৎসা পরামর্শ দেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর নির্বাচনী প্রচারণায়। নির্বাচিত হলে খিলগাঁওকে সম্পূর্ণ ডিজিটাল ওয়ার্ডে রূপান্তরিত করে শুধু সিটি করপোরেশনে নয়, সারা দেশে মডেল করে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন ওয়াহিদুল হাসান। তিনি প্রথম আলোকে জানালেন, এই ওয়ার্ডের ৪৫ শতাংশ বাড়িতে ডিজিটাল নম্বরপ্লেট, ওয়াইফাই ব্যবস্থা, রেডিও লিংক সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে। তিনি এতে ভূমিকা রেখেছেন। নির্বাচিত হলে পুরো এলাকা এসব ব্যবস্থার আওতায় আনা হবে। পুরোনো ধ্যানধারণা বদলে নতুন পদ্ধতি চালু করতে চান। যেমন কোনো সনদের প্রয়োজনে এলাকাবাসীকে কাউন্সিলরের অফিসে যেতে হবে না। অনলাইনে ব্যবস্থা থাকবে। সেখানে ফরম পূরণ করলে সনদ পাওয়া যাবে ইত্যাদি। এর পাশাপাশি কবরস্থান চালু করার প্রতিশ্রুতিও আছে।
প্রার্থীরা গতকাল সকাল থেকেই নেমেছিলেন জনসংযোগে। জুমার নামাজের পর মসজিদে দোয়া চাওয়া হয়েছে তাঁদের জন্য।