কিশোরগঞ্জ-৪ আসনের (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিন্তু নিজ দলের বিদ্রোহী প্রার্থী সৈয়দ মহিতুল ইসলামের দৃঢ় অবস্থানের কারণে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে লড়তে হচ্ছে।অন্যদিকে প্রার্থিতা বহাল রাখাও মহিতুলের জন্য সহজ ছিল না। তাঁকে আদালতের শরণাপন্ন হতে হয়েছে। ফলে শুরুর দিকে নিরুত্তাপ মনে হলেও এখন হাওরের মূল আলোচনার বিষয়ে পরিণত হয়েছে এ নির্বাচন। ভোটাররা বলছেন, হাওর এলাকার এ নির্বাচনী লড়াইটা আর একতরফা নেই।আবদুল হামিদ স্পিকার থেকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য হয়। আওয়ামী লীগ থেকে প্রার্থী করা হয় রাষ্ট্রপতির ছেলে রেজওয়ান আহাম্মদকে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিতুল ইসলাম।নির্বাচনী বিধিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাইলে তাঁকে মোট ভোটারের এক শতাংশের সমর্থন পাওয়ার স্বাক্ষরসংবলিত প্রমাণ হাজির করতে হয়। মহিতুলের মনোনয়নপত্রের সঙ্গে সমর্থনকারীদের স্বাক্ষরসংবলিত যে ফরমটি জমা দেওয়া হয়, দৈবচয়ন ভিত্তিতে সেটি যাচাই করতে গিয়ে একজন সমর্থনকারীর ভোটার নম্বরে ভুল পান রিটার্নিং কর্মকর্তা মো. জাহিদ হোসেন। ফলে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে তাঁর মনোনয়নপত্রটি বাতিল করা হয়।এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আপিল করে প্রার্থিতা ফিরে পান সৈয়দ মহিতুল ইসলাম। এরপর ফুটবল (প্রতীক) নিয়ে মাঠে নেমে আলোচনায় চলে আসেন তিনি। হাওরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কিশোরগঞ্জের চামড়াঘাটের হ্যাপি হোটেলের স্বত্বাধিকারী নান্নু মিয়া বলেন, ‘আমার এই হোটেলে ইটনা ও মিঠামইনের লোকজন আসা-যাওয়ার পথে একটু বসেন। তাঁদের কথা শুনে মনে হয় নির্বাচন জমে গেছে। মহিতুলের কথা এলেই লোকজন বলছেন, ‘এইডা একটা বেডাডা।’ বেডাডা বলতে হাওরের মানুষ বীর পুরুষ বুঝিয়ে থাকেন।বেডাডার বীরত্ব: মঙ্গল ও বুধবার ইটনা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এই ‘বেডাডা’র বীরত্বের গল্প ঘুরেফিরে শোনা গেছে। ইটনা বাজারের ব্যবসায়ী মাহবুব ইসলাম বলেন, ‘উপনির্বাচনে যেন কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকে, সে জন্য সব ব্যবস্থা করা হয়েছিল। শুনছি মহিতুলের মনোনয়ন বাতিল হয়েছে জানার পর কিশোরগঞ্জ শহরে মিষ্টি বিতরণও হয়েছিল। আদালতে লড়াই করে মহিতুল আমাদের ভোটের অধিকার আদায় করে এনেছেন।’প্রার্থীদের কথা: দুই প্রার্থীকেই হাওরের রাজনীতিতে আগন্তুক বলা চলে। উপনির্বাচনের আগে তেমন কেউ মহিতুলের নামও জানতেন না বলে জানালেন ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন। তাঁর মতে, তুলনামূলকভাবে আওয়ামী লীগের প্রার্থী রেজওয়ানের অবস্থান অনেক সুবিধাজনক। কারণ, তাঁর বাবা রাষ্ট্রপতি আবদুল হামিদ সাতবারের সাংসদ। সত্তরের নির্বাচন দিয়ে শুরু করে সর্বশেষ ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত যতবার তিনি নির্বাচন করেছেন, ততবারই বিজয়ী হয়েছেন। রেজওয়ান আহাম্মদ নিজেও মনে করেন, পিতৃপরিচয় নির্বাচনী লড়াইয়ে একধাপ এগিয়ে রেখেছে তাঁকে।মহিতুল ইসলাম বলেন, ‘রেজওয়ান সাহেবের আব্বা হামিদ সাহেবকে এই তিন উপজেলার মানুষ বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই বলে তিনি তো রাজতন্ত্র প্রতিষ্ঠা করতে পারেন না।’ তিনি উত্তরাধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছেন বলে জানালেন।আওয়ামী লীগেও ক্ষোভ: আওয়ামী লীগ যে পুরোটা দলীয় প্রার্থীর সঙ্গে নেই, তা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে বোঝা যাচ্ছে। কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান বলেন, আওয়ামী লীগের মতো বড় দলে এক-আধটু দূরত্ব তৈরি হতেই পারে। তবে তা বড় কোনো সমস্যা নয়।জিল্লুর রহমান রেজওয়ানের পক্ষে কাজ করলেও আওয়ামী লীগের অনেককেই সেভাবে সক্রিয় দেখা যাচ্ছে না। সৈয়দ মোহাম্মদ শাহজাহানের মতো কেউ কেউ এরই মধ্যে দলও ছেড়ে দিয়েছেন। এলাকাবাসীর ধারণা, শাহজাহানের ইচ্ছাতেই নির্বাচনে নেমেছেন তাঁর ভাইয়ের ছেলে মহিতুল ইসলাম। শাহজাহান অবশ্য তা স্বীকার করতে নারাজ। তিনি বলেন, ‘মহিতুল প্রার্থী হয়েছে নিজের ইচ্ছায়। পরিবারের অভিভাবক হিসেবে মহিতুলের প্রধান নির্বাচন সমন্বয়কের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি।’ এ কারণে শাহজাহান কিশোরগঞ্জ আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও সহকারী সরকারি কৌঁসুলির পদ ছেড়ে দিয়েছেন বলে জানান।ইটনা উপজেলার সংস্কৃতিকর্মী তুহিন আসলাম বলেন, নির্বাচনটা আর একতরফা নেই। এ নির্বাচনে শেষ পর্যন্ত কে জয়ী হবেন, ভোটারদের মধ্যে এ ভাবনার জন্ম দিতে পারাটাই মহিতুলের কৃতিত্ব।