মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় কাউন্সিলর পদে ৮ নম্বর ওয়ার্ডে দুই চাচাতো ভাই এবং ৫ নম্বর ওয়ার্ডে নানা, নাতি ও মামা-ভাগনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ফলে তাঁদের মাঝে নির্বাচনী লড়াই শুরু হয়ে গেছে।
দুই চাচাতো ভাই হলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের সাবেক নেতা মহিউদ্দিন।
আনোয়ার হোসেন বলেন, ‘আমি ৮ নম্বর ওয়ার্ডে রাস্তাঘাটসহ সব ধরনের উন্নয়নমূলক কাজ করেছি। এখানকার সব ভোটারের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। তাঁরা জেনে-বুঝে যোগ্য প্রার্থী নির্বাচন করবেন। আমি জয়ী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী।’
মহিউদ্দিন বলেন, ‘দলের হয়ে নানা সময়ে আন্দোলন করেছি। আন্দোলন করতে গিয়ে জামায়াত-শিবিরের হামলায় হাতের আঙুল হারিয়েছি। এখানকার ভোটারদের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।’
৫ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীরা হলেন ইয়াছিন মিয়া ও তাঁর মায়ের মামা বর্তমান কাউন্সিলর রমুজ মিয়া। এখানে অপর প্রার্থী ছাদ আলীও ইয়াছিনের সম্পর্কে নানা এবং আরেক প্রার্থী আবদুল হামিদ মামা হন।
গতকাল মঙ্গলবার গণসংযোগকালে ইয়াছিন মিয়া বলেন, এলাকার যুবসমাজের মতামতের ভিত্তিতে তিনি প্রার্থী হয়েছেন।
রমুজ মিয়া বলেন, ইয়াছিন সম্পর্কে নাতি হলেও দূরসম্পর্কের।