লড়াইয়ে নামল ১৫ বিদ্যালয়ের ৭৫ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ও বরিশালে আই-জেনের তিন দিনব্যাপী আঞ্চলিক প্রতিযোগিতা ও আবাসিক ক্যাম্প গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। ক্যাম্পে চট্টগ্রাম অঞ্চলের সাতটি জেলার সাতটি বিদ্যালয় দলের ৩৫ জন এবং বরিশাল অঞ্চলের আটটি বিদ্যালয়ের ৪০ শিক্ষার্থী অংশ নিচ্ছে।
চট্টগ্রামে ক্যাম্প ও প্রতিযোগিতার আসর বসেছে নগরের কাজীর দেউড়ি এলাকার ব্র্যাক লার্নিং সেন্টারে। ক্যাম্পে অংশ নেওয়া প্রতিযোগীরা অনুষ্ঠানের শুরুতে নিজের ও বিদ্যালয় সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করে। এরপর ক্যাম্পের মূল অধিবেশন শুরু হয়। প্রথম দিন তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে প্রতিযোগীদের ইন্টারনেটে দরকারি তথ্য খোঁজা, সামাজিক যোগাযোগ মাধ্যম, ই-মেইল ও ওয়েবসাইট সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন ওয়েব ডিজাইনার মো. শফিউল আলম চৌধুরী। গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন আই-জেনের প্রজেক্ট ম্যানেজার খান এ ও এইচ সাইয়ন।
বরিশাল শহরের বটতলা এলাকায় গতকাল বেলা ১১টায় বেসরকারি সংস্থা আভাসের প্রশিক্ষণ হলে ক্যাম্পের কার্যক্রম শুরু করা হয়। তিন দিনের এই কর্মশালায় শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন বিষয়ে কর্মশালায় অংশ নেবে। অনুষ্ঠান উপস্থাপনা করেন প্রথম আলোর ব্র্যান্ড অ্যান্ড অ্যাকটিভিশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাবেদ সুলতান। শিক্ষার্থীদের কম্পিউটারের খুঁটিনাটি বিষয় নিয়ে প্রশিক্ষণ দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান রাহাত হোসাইন।
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেই ডট কম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।