লড়াইয়ের মাঠে দুই ভাই ও স্বামী-স্ত্রী
কুমিল্লার দেবীদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই ভাই ও স্বামী-স্ত্রী। দুটি পরিবারের এই চার প্রার্থী নিয়ে ভোটারদের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে।
এই ইউপিতে অন্য প্রার্থীরা হলেন বিএনপির জাহিদ হাসান, আওয়ামী লীগের বিদ্রোহী মো. মফিজুল ইসলাম ও স্বতন্ত্র মোহাম্মদ এরশাদ মিয়া।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ফতেহাবাদ ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী খন্দকার এম এ ছালাম ও তাঁর ছোট ভাই ন্যাপের খন্দকার গোলাম মোস্তফা। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী মো. আলেক মিয়া ও তাঁর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী পারুল আক্তার। এ প্রার্থীদের মধ্যে ছালাম নৌকা, মোস্তফা কুঁড়েঘর, আলেক লাঙ্গল প্রতীকের প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী পারুল আক্তার আনারস প্রতীক বরাদ্দ চেয়েছেন।
জাতীয় পার্টির প্রার্থী আলেক মিয়া বলেন, ‘নির্বাচন করার জন্য দুই বছর আগ থেকেই প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনে প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করার পর থেকেই আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমার স্ত্রী ওই খবর জেনে বলল, তুমিও প্রার্থী হও, আমিও প্রার্থী হব। তোমার কিছু হলে আমি মাঠে থাকব। তাই স্বামী-স্ত্রী দুজনে প্রার্থী হয়েছি।’ কারা হুমকি দিচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের প্রার্থী ছালামের লোকজন।
আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ছালাম বলেন, ‘আমার ছোট ভাই মোস্তফা প্রার্থী হয়েছেন তাঁকে ন্যাপ মনোনয়ন দিয়েছে। ওর প্রার্থিতা আমার নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। ও মালদ্বীপে থাকে। এলাকায় পরিচিতি পাওয়ার জন্য প্রার্থী হয়েছে। আমি পাঁচ বছর ইউপি সদস্য ও ১৮ বছর ধরে ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য। জাতীয় পার্টির প্রার্থীকে হুমকি দেওয়ার কোনো কারণ নেই।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুমিল্লা জেলার সভাপতি এ বি এম আতিকুর রহমান বলেন, ভোটের দিন এজেন্ট বাড়ানোর জন্য একই পরিবার থেকে দুজন করে প্রার্থী হয়েছেন।