লড়ে যাচ্ছে ফায়ার সার্ভিসও

সিলেটের আতিয়া মহল ঘিরে জঙ্গি অভিযানের শুরু থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছে ফায়ার সার্ভিস। বারুদে ঠাসা ঝুঁকিপূর্ণ ওই ভবনের ভেতর ঢুকে আটকে পড়াদের উদ্ধার, আগুন নেভানো, এমনকি লাশ উদ্ধারেও ভূমিকা রাখছেন বাহিনীর সদস্যরা।
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার এই বাড়ি গত বৃহস্পতিবার গভীর রাত থেকে ঘিরে রাখা হয়েছে। শুক্রবার ঢাকা থেকে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সিলেটে গিয়ে পুলিশের সঙ্গে ঘটনাস্থল ঘেরাও করে। এরপর শনিবার সকাল থেকে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল ‘অপারেশন টোয়াইলাইট’ নামে অভিযান শুরু করে। এ অভিযানের মধ্যেই শনিবার সন্ধ্যায় দুই দফা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত এবং আরও ৪৪ জন আহত হন। স্মরণকালের মধ্যে এটা সবচেয়ে দীর্ঘ ও রক্তক্ষয়ী জঙ্গিবিরোধী অভিযান। সোমবার সন্ধ্যায় সেনাবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আতিয়া মহলের নিচতলায় চারটি মরদেহ পাওয়া গেছে। চারজনের মধ্য তিনজন পুরুষ, একজন নারী। এর মধ্য থেকে দুটি মরদেহ উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়েছে। বাকি দুটি মরদেহে আত্মঘাতী বেল্ট লাগানো আছে।
শুক্রবার ভোর থেকেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সার্বক্ষণিকভাবে ঘটনাস্থলে রয়েছে।
সিলেট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দীনমনি শর্মা সার্বক্ষণিকভাবে ঘটনাস্থলে রয়েছেন। এ ছাড়া সিলেটের তালতলা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শিমুল মো. রফিসহ অন্যান্যরা পালাক্রমে দায়িত্ব পালন করেন।

আজ মঙ্গলবার ঘটনাস্থলে এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত আতিয়া ভবনে লাগা দুটি আগুন নিভিয়েছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ জন্য ফায়ার সার্ভিসের কর্মীদের ভবনের ভেতরে ঢুকতে হয়েছে। এ ছাড়া শনিবার সেনাবাহিনীর সঙ্গে মিলে আটকে পড়াদের উদ্ধার কাজেও অংশ নেন তাঁরা। ওই দিন আতিয়া মহলের পাশের আরেকটি ভবনের সঙ্গে মই দিয়ে সংযোগ তৈরি করে আটকে পড়াদের উদ্ধার করা হয়। ভবনের নিচতলায় আটকে পড়া ১০ জনকে গ্রিল কেটে বের করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ ছাড়া বিভিন্ন প্রয়োজনে যন্ত্রপাতিসহ ভবনের ভেতরে ঢুকে সেনাবাহিনীকে সাহায্য করে যাচ্ছে এই বাহিনী।
বেলা সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা ঘটনাস্থলেই রয়েছেন। ভবনের ভেতরে বিশেষ করে নিচতলায় প্রচুর অবিস্ফোরিত বোমা রয়েছে। দুই জঙ্গির মৃতদেহ নিচতলাতেই পড়ে রয়েছে। তাদের শরীরে আত্মঘাতী বেল্ট লাগানো আছে। নিচতলায় সোমবার দিনে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিস সেটি নিভিয়েছে। এখন লাশ উদ্ধার, তল্লাশি ও অন্যান্য কার্যক্রমে সহায়তার জন্য অপেক্ষা করছে।
একনজরে অভিযান
২৩ মার্চ দিবাগত রাত আড়াইটায় ‘আতিয়া মহল’ ঘেরাও করে পুলিশ
২৪ মার্চ পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে জঙ্গিরা। ঘটনাস্থলে পৌঁছায় সোয়াট। সেনাবাহিনীর পর্যবেক্ষণ
২৫ মার্চ সেনাবাহিনীর অপারেশন টোয়াইলাইট শুরু। আটকা পড়া ৭৮ জন উদ্ধার। সেনাবাহিনীর সংবাদ সম্মেলনের পর দুই দফা বোমা বিস্ফোরণ। পুলিশসহ ছয়জন নিহত
২৬ মার্চ সকাল থেকেই ওই এলাকায় জঙ্গিবিরোধী তল্লাশি ও অভিযান। দুই জঙ্গি নিহত। অভিযান অব্যাহত রাখার ঘোষণা
২৭ মার্চ সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত থেমে থেমে গুলি ও বিস্ফোরণের শব্দ। সন্ধ্যায় আতিয়া মহলের নিচতলায় চারটি মরদেহ পাওয়ার কথা জানায় সেনাবাহিনী।