প্রধানমন্ত্রীসহ সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকারের অন্যতম প্রধান স্তর ইউনিয়ন পরিষদগুলোতে (ইউপি) সদস্য হিসেবে নারীদের জন্য সংরক্ষিত পদ আছে। কিন্তু চেয়ারম্যান কিংবা সাধারণ সদস্য পদে নারীদের অংশগ্রহণ খুবই কম। অথচ নারী উন্নয়নে তৃণমূল পর্যায়ে নারী প্রতিনিধি প্রয়োজন। আর সেই কাজ করার প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন চারজন নারী।সাতক্ষীরা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার কালিগঞ্জ ও শ্যামনগর এবং ৩ এপ্রিল তালা ও কলারোয়া উপজেলায় ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সদর, দেবহাটা ও আশাশুনিতে ভোটগ্রহণ হয়েছে। জেলার ৭৮টি ইউপিতে ৩৪২ জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এর মধ্যে নারী চারজন। সাতক্ষীরায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নারীদের অংশগ্রহণ এটাই প্রথম। পুরুষ চেয়ারম্যান পদপ্রার্থীদের পাশাপাশি তাঁরাও চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি। কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউপির সংরক্ষিত পদের সদস্য কৌশল্যা জোতদার এসএসসি পাস। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন পুরুষের সঙ্গে। তাঁরা হলেন আবদুস সাত্তার, শওকত হোসেন ও আনোয়ার-উদ-শাহাদাৎ। ইউনিয়নের ১৩ হাজার ৫৩২ জন ভোটারের মধ্যে মহিলা ভোটার ছয় হাজার ৭৫৮ জন। কৌশল্যা জোতদার অভিযোগ করেন, আট বছর ধরে ইউপি সদস্য থাকার সময় চেয়ারম্যান পুরুষ হওয়ায় তিনি নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। ইউপিতে নারীদের অধিকার যথাযথভাবে রক্ষা করা হয়নি। তাই মহিলাদের অধিকার আদায়ের লক্ষ্যে ও তাঁদের জন্য কাজ করার লক্ষ্যে চেয়ারম্যান পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।শ্যামনগর উপজেলার পাতাখালি ইউপির একমাত্র নারী চেয়ারম্যান পদপ্রার্থী জোহরা খাতুন এইচএসসি পাস। লড়াই করছেন চারজন পুরুষের সঙ্গে। তাঁরা হলেন আমজাদুল ইসলাম, গাজী নূর ইসলাম, আতাউর রহমান ও হাফিজুর রহমান। ইউনিয়নের ১৪ হাজার ৪০৬ জন ভোটারের মধ্যে মহিলা ভোটার সাত হাজার ২৪১। জোহরা খাতুন জানান, এলাকার নির্যাতিত ও বঞ্চিত নারীদের স্বার্থে তিনি কাজ করতে চান।তালা উপজেলার ধানদিয়া ইউপির চেয়ারম্যান আরিফুল ইসলামকে ২০০৮ সালের ১০ অক্টোবর সন্ত্রাসীরা হাত-পা বেঁধে পুকুরের পানিতে ফেলে হত্যা করে। এবার তাঁর মা জাহানারা বেগম ওই পদে প্রার্থী হয়েছেন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। লড়ছেন জাহাঙ্গীর হোসেন ও সন্তোষকুমার বিশ্বাস নামের দুই প্রতিদ্বন্দ্বীর সঙ্গে। ১৩ হাজার ৮৮৮ জন ভোটারের মধ্যে এই ইউনিয়নে নারী ভোটার সাত হাজার ৬৪। জাহানারা বেগম জানান, তাঁর ছেলেকে সন্ত্রাসীরা নির্মমভাবে হত্যা করেছে। ভোটে জয়লাভ করে ছেলেসহ সব হত্যার সুষ্ঠু বিচার প্রতিষ্ঠা এবং এলাকার নারী ও শিশুদের কল্যাণে কাজ করবেন।কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা ও খোর্দ্দ ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম ২০০৯ সালের ১ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। এবার নির্বাচনে ওই পদে প্রার্থী হয়েছেন তাঁর স্ত্রী সেলিনা আনোয়ারুল। এই ইউনিয়নে অপর আটজন চেয়ারম্যান পদপ্রার্থী হলেন ইব্রাহীম হোসেন, সালাউদ্দিন পারভেজ, আনিছুর রহমান, আমিনুর রহমান, জিয়াদ আলী, মাহবুবর রহমান, আবদুল্লাহ হেল আলী ও হুমায়ুন কবীর। এ ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৮৭১ জন। এর মধ্যে নারী ছয় হাজার ৬৫৪ জন। সেলিনা আনোয়ারুল জানান, তাঁর স্বামী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ছিলেন। স্বামীর আদর্শ ও অনুপ্রেরণা নিয়ে দেশ ও জাতির কাজে নিজেকে নিয়োগ করে সমাজের অনগ্রসর ও কুসংস্কারাচ্ছন্ন মহিলাদের সার্বিক উন্নয়নে কাজ করতে চান তিনি। বিচার দেখতে চান যুদ্ধাপরাধীদের।