শংকরের পদচারী-সেতুর নির্মাণকাজ থেমে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে শংকর বাসস্ট্যান্ডে নির্মাণাধীন পদচারী–সেতু l প্রথম আলো
অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে শংকর বাসস্ট্যান্ডে নির্মাণাধীন পদচারী–সেতু l প্রথম আলো

ধানমন্ডি সাতমসজিদ রোডের শংকর বাসস্ট্যান্ডে পদচারী-সেতুর নির্মাণকাজ মাঝপথে থেমে আছে বহুদিন ধরে। অসমাপ্ত এই স্থাপনার নির্মাণকাজ শুরু করার বিষয়ে অনিশ্চিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
নাম প্রকাশ না করার শর্তে ডিএনসিসির এক প্রকৌশলী বলেন, ‘আমাদের জায়গা নির্বাচন ভুল ছিল। ওখানে বিদ্যুতের অনেক তার রয়েছে, ওগুলো না সরালে কাজ শুরু করা যাবে না।’ তিনি আরও জানান, ডিপিডিসিকে (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) বৈদ্যুতিক তার সরানোর জন্য চাহিদাপত্র দিতে বলা হলেও তারা এখনো দেয়নি। তবে প্রয়োজনে তারা ওখান থেকে সেতুটিকে সরিয়ে নিয়ে আশপাশে কোথাও করবেন।
ডিপিডিসির সচিব মনির চৌধুরী বলেন, দুই সপ্তাহ আগে ডিপিডিসি থেকে বৈদ্যুতিক তার সরানোর জন্য দুই লাখ টাকার একটি চাহিদাপত্র দেওয়া হয়েছে। কিন্তু এরপর সিটি করপোরেশন থেকে আর কোনো সাড়া পাননি।
লোহার কয়েকটি খুঁটি নিয়ে দাঁড়িয়ে আছে পদচারী-সেতুটি। সেখানে বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার ঝুলছে।
শংকরেই থাকেন বুবলি রহমান। মেয়েকে নিয়ে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, ‘সরকার রাস্তা পার হওয়ার জায়গা রাখে নাই। সামনে ব্যারিকেড দেওয়া, আবার ওভারব্রিজটাও শেষ করে নাই। মুলার মতো ঝুলায় রাখছে।’
শংকর প্লাজা থেকে বিপরীত দিকে ছায়ানট ভবনে যেতে মাঝখানে মোড় নেওয়ার জায়গাটিতে প্রতিবন্ধক দেওয়া। মানুষ অস্থায়ী প্রতিবন্ধকের ফাঁক দিয়ে রাস্তা পার হচ্ছে।
পুরো সাতমসজিদ রোডে মাত্র একটি পদচারী-সেতু আছে কাকলি স্কুলের সামনে। আর দ্বিতীয়টি স্থাপনের কাজ শুরু হয়ে থেমে আছে শংকর বাসস্ট্যান্ডে।
শংকর বাসস্ট্যান্ডের ফুলের দোকানি আনসারুল ইসলাম বলেন, ‘চার-পাঁচ বছর আগে দেখছি কাজ শুরু করে। তারপর আর খবর নাই। ব্রিজটা বানাইছেই তো ভুল জায়গায়। এইটারে ছায়ানটের সামনে বানাইলে ভালো হইত।’