শওকত আলীর বইয়ের মোড়ক খুললেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফ্রম দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু দ্য নাইনথ পার্লামেন্ট’ নামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠানে সাংসদ কর্নেল (অব.) শওকত আলীর লেখা বইটির মোড়ক উন্মোচন করা হয়।
এমন একটি গুরুত্বপূর্ণ বই লেখার জন্য শওকত আলীকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, সংসদীয় গণতন্ত্রের জন্য বইটি অত্যন্ত সময়োপযোগী। এটি থেকে নবনির্বাচিত সাংসদেরা সংসদের কর্মকাণ্ড ও নিজেদের দায়িত্ব সম্পর্কে জানতে পারবেন।
আবদুল হামিদ বলেন, ১৯৭০ সালের নির্বাচন, সাংবিধানিক পরিষদ ও সংবিধান প্রণয়নের ইতিহাস এবং পটভূমি জানতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে সহায়তা দিতে মূল্যবান ভূমিকা রাখবে এই বই। নবম সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতি বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সাংসদদের প্রতি আহ্বান জানান।
আগামী প্রকাশনী থেকে প্রকাশিত বইটিতে সাংসদ হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন নবম সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। অনুষ্ঠানে বইটির লেখক, প্রকাশক ওসমান গনি এবং লেখকের ছেলে খালেদ শওকত আলী বক্তব্য দেন।
ইরাকে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বিকেলে বঙ্গভবনে যান ইরাকে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ এম এম ফরহাদ। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ইরাকে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে কাজ করতে রাষ্ট্রদূতকে নির্দেশ দেন।