শওকত ও পাপিয়া রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার একটি মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের এক দিনের ও তিন মামলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার পৃথক আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।

লালবাগ থানায় করা নাশকতার একটি মামলায় শওকত মাহমুদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকার মহানগর হাকিম আতিকুর রহমান শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ২৪ আগস্ট শওকত মাহমুদকে নাশকতার অভিযোগে করা পৃথক চারটি মামলায় রিমান্ডে নেয় পুলিশ। ১৯ আগস্ট রমনা থানার একটি নাশকতা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।
আদালত সূত্র জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে বিএনপি জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগ এনে লালবাগ থানায় পুলিশ এ মামলা করে।
গত ১৮ আগস্ট রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এদিকে পল্টন থানার দুই মামলা এবং মতিঝিলের এক মামলায় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়াকে এক দিন করে মোট তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এ আদেশ দেন। চলতি বছর হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে মামলাগুলো করে পুলিশ।