শওকত ওসমান ছিলেন সমাজমনস্ক লেখক
সমাজমনস্ক সব্যসাচী লেখক ছিলেন শওকত ওসমান। ব্যক্তি শওকত ওসমানের ছিল প্রখর স্মৃতিশক্তি, ছিল প্রাণচাঞ্চল্যে ভরা জীবন। সব প্রতিকূলতার মধ্যেও তিনি শিশুর মতো নির্মল হাসতে পারতেন। আমৃত্যু তিনি সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর রচনায় আছে শোষিত মানুষের কথা, শোষকের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ।
কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনার কক্ষে গতকাল বৃহস্পতিবার প্রখ্যাত কথাসাহিত্যিক শওকত ওসমানের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
শওকত ওসমানের ১৭তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। স্মরণসভার আয়োজন করে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ।
স্মরণানুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী, রবীন্দ্র গবেষক আহমদ রফিক। আলোচনায় অংশ নেন বিশিষ্ট রাজনীতিবিদ হায়দার আকবর খান রনো, বিটিভির মহাপরিচালক আবদুল মান্নান ও আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম লিটু। স্মৃতিচারণা করেন শওকত ওসমানের ছেলে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
সভাপতির বক্তব্যে আহমদ রফিক বলেন, শওকত ওসমান ছিলেন নিপীড়িত মানবসমাজের কণ্ঠস্বর। আর তিনি যতটা সাহিত্যমনস্ক ছিলেন, ততটাই ছিলেন রাজনীতিমনস্ক।
ইয়াফেস ওসমান বলেন, ‘বাবার অনেক স্মৃতি এখনো আমাকে তাড়িত করে। তিনি ভিন্ন প্রকৃতির মানুষ ছিলেন, তাই তাঁকে আরও বেশি মনে পড়ে।’ শৈশবের স্মৃতি মনে করে তিনি বলেন, ‘এক সকালে প্রাতর্ভ্রমণে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। দরজার বাইরে বেরোতেই দেখি, বাবা বসে গেছেন যোগ-আসনে।’ তিনি খুব সুন্দর সুরে সেতার বাজাতেন। মৃত্যুর আগে যখন তাঁর জননী বইটির ইংরেজি অনুবাদ হয়, তখন গ্রন্থটির ইংরেজি নামও জননী রেখে দেন। এ বিষয়ে জানতে চাইলে বললেন, ‘ইংরেজ ব্যাটাদের জন্য একটা শব্দ দিয়ে গেলাম।’
হায়দার আকবর খান রনো বলেন, দুই বাংলার অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী শওকত ওসমান। লেখক হিসেবে তিনি ছিলেন জাতির অভিভাবক। তাঁর সাহিত্যকর্মের ব্যাপ্তি অনেক বিস্তৃত। সাম্য, সমতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই রচিত হয়েছে তাঁর সাহিত্যকর্ম।
অনুষ্ঠানে শওকত ওসমানের কাব্য শেখের সম্বরা থেকে কয়েকটি কবিতা আবৃত্তি করেন মধুসূদন চক্রবর্তী। স্মরণানুষ্ঠান সঞ্চালনা করেন লায়লা নারগিস।