উপনিবেশবাদ হোক কিংবা আধা উপনিবেশবাদ—সবই শোষণের শৃঙ্খল। শওকত ওসমান আমৃত্যু শোষক ও শোষণের বিপক্ষে এবং শোষিত নিম্নবর্গের পক্ষে এক প্রতিবাদী সৃজনশীল ব্যক্তিত্ব। তাঁর উপন্যাস চিন্তায় সর্বদাই জ্বলজ্বল করে উপনিবেশবাদবিরোধী রাজনীতির এক শক্তিমান আলো।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘শওকত ওসমান জন্মশতবর্ষ স্মারক বক্তৃতা’য় এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক। লেখক ও ঔপন্যাসিক শওকত ওসমানের জন্মশতবর্ষ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা গবেষণা সংসদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলা ভবনের ১৫০ নম্বর কক্ষে আয়োজিত বক্তৃতায় অধ্যাপক সৈয়দ আজিজুল হক শওকত ওসমানের উপন্যাসে উপনিবেশবাদবিরোধী রাজনৈতিক চেতনার বিভিন্ন দিক তুলে ধরেন।
আজিজুল হক তাঁর বক্তৃতায় বলেন, বাল্য ও কৈশোর থেকে আমৃত্যু স্মৃতিধর ও অসাধারণ প্রতিভাবান এই মানুষটির মধ্যে সৃজনশীলতা ও মননশীলতার ঘটেছে অপূর্ব সমন্বয়। অসামান্য তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদৃষ্টি। ঔপনিবেশিক শাসন-শোষণের পরিণামেই যে একশ্রেণির উপনিবেশিত মানুষ বাধ্য হয়েছে দারিদ্র্য ও অশিক্ষা নিয়ে অধঃপতিত-অভিশপ্ত জীবনযাপনে, সেই উপলব্ধিতেও তাঁর স্বচ্ছতা ছিল প্রশ্নাতীত।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক গৌতম গোস্বামীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বাংলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি পি এম সফিকুল ইসলাম ও ধন্যবাদজ্ঞাপন করেন অধ্যাপক সফিকুন্নবী সামাদী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা গবেষণা সংসদের সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শওকত ওসমানের ছেলে অধ্যাপক বুলবন ওসমান।