শওকত ওসমান সাহিত্য পুরস্কার চালু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা গবেষণা সংসদ শওকত ওসমান সাহিত্য পুরস্কার চালু করতে যাচ্ছে। প্রখ্যাত এই কথাশিল্পীর জন্মশতবর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে তারা। গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলা গবেষণা সংসদের সচিব অধ্যাপক মিজানুর রহমান খান।

লিখিত বক্তব্যে বলা হয়, ২ জানুয়ারি শওকত ওসমানের জন্মদিন। এ বছর তাঁর জন্মশতবর্ষ। এই মহান কথাশিল্পীর অনন্য অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে বাংলা গবেষণা সংসদ তাঁর জন্মশতবর্ষ উদ্‌যাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ বছরেই চালু করা হবে শওকত ওসমান সাহিত্য পুরস্কার। গবেষণা সংসদের জুরিবোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সামগ্রিক সাহিত্যকর্মের ওপর দেশের একজন সাহিত্যিককে এই পুরস্কারে ভূষিত করা হবে। এখন থেকে প্রতি এক বছর অন্তর এই পুরস্কার দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংসদের সভাপতি অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক সফিকুন্নবী সামাদী, বাংলা বিভাগের শিক্ষক সুমাইয়া খানম প্রমুখ।