শওকত ওসমানের জন্মশতবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শওকত ওসমান
শওকত ওসমান

কথাশিল্পী শওকত ওসমানের জন্মশতবার্ষিকী আজ ২ জানুয়ারি। এ উপলক্ষে শওকত ওসমান স্মৃতি সংসদ ও উদীচী শিল্পীগোষ্ঠী যৌথভাবে আজ থেকে রাজধানীতে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উৎসব উদ্বোধন করবেন লেখক-গবেষক আহমদ রফিক।
১৯১৭ সালের ২ জানুয়ারি অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুরে জন্মগ্রহণ করেন শওকত ওসমান। তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪১ সালে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৪৭ সালে দেশভাগের পর তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় শিক্ষকতার মধ্য দিয়ে পেশাগত জীবন শুরু করেন। ১৯৯৮ সালের ১৪ মে তিনি মারা যান। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি জান্তার অত্যাচার-নির্যাতনের চিত্র তুলে ধরে শওকত ওসমান লেখেন জননী ও জাহান্নাম হইতে বিদায় উপন্যাস।
কথাশিল্পী শওকত ওসমান একাধারে লিখেছেন গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, অনুবাদ ও স্মৃতিকথা। তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, মনিব ও তার কুকুর, জন্ম যদি তব বঙ্গে, সাবেক কাহিনী, জুনু আপা ও অন্যান্য গল্প। উপন্যাসের মধ্যে রয়েছে জননী, ক্রীতদাসের হাসি, বনী আদম, রাজ উপাখ্যান, পুরাতন খঞ্জর, জলাঙ্গি, দুই সৈনিক, নেকড়ে অরণ্যে।
সাহিত্যে অবদানের জন্য শওকত ওসমান বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।