শওকত ওসমানের মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান কথাশিল্পী শওকত ওসমানের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে সোমবার। এ উপলক্ষে ‘কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ’ আজ বিকেল পাঁচটায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এক স্মরণসভার আয়োজন করেছে।ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে ১৯১৭ সালের ২ জানুয়ারি শওকত ওসমানের জন্ম। তাঁর আসল নাম শেখ আজিজুর রহমান। তাঁর বিখ্যাত উপন্যাস ক্রীতদাসের হাসি স্বৈরশাসকের বিরুদ্ধে গণজাগরণের দিশারী। এ ছাড়া তাঁর আলোচিত উপন্যাস জননীর ইংরেজি অনুবাদ বিশ্বসাহিত্যে স্থান করে নিয়েছে। শওকত ওসমানের অন্যান্য উপন্যাসের মধ্যে রয়েছে সমাগম, চৌরসন্ধি, রাজা উপাখ্যান, জাহান্নাম হইতে বিদায় প্রভৃতি। এ ছাড়া তাঁর গল্পগ্রন্থ জুনু আপা, অন্যান্য গল্প, মনিব ও তাঁর কুকুর, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী। তিনি স্বজন সংগ্রাম, কালরাত্রির খণ্ডচিত্র, অনেক কথন, গুডবাই জাস্টিস-মাসুদ, উত্তরপর্ব, মুজিবনগর প্রভৃতি স্মৃতিকথা লিখেছেন।সাহিত্যকর্মে অবদানের স্বীকৃতি হিসেবে শওকত ওসমান আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমী পুরস্কার, প্রেসিডেন্ট প্রাইড অব পারফরমেন্স পদক, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, মুক্তধারা পুরস্কার, ফিলিপস সাহিত্য পুরস্কার, টেনাসিস পুরস্কার, মাহবুবউল্লাহ ফাউন্ডেশন পদক ও স্বাধীনতা দিবস পুরস্কার পান। ১৯৯৮ সালের ১৪ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। বিজ্ঞপ্তি।