শওকত মাহমুদ আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক নেতা ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান পল্টন থানায় করা তিনটি ও মতিঝিল থানার একটি মামলার রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন। এসব মামলা পেট্রলবোমা হামলা, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগে করা হয়েছিল।
এর আগে ১৯ আগস্ট একই আদালত রমনা থানায় করা আরেকটি মামলায় তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন।
প্রথম দফায় দুই দিন রিমান্ড শেষে আটটি মামলায় শওকত মাহমুদকে ৮০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। গত রোববার পল্টন থানার পাঁচটি ও মতিঝিল থানার তিনটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় পুলিশ। গতকাল আদালত পল্টন থানার তিনটি ও মতিঝিল থানার একটি মামলার শুনানি শেষে তাঁর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
১৮ আগস্ট রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়। পরদিন গাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে করা একটি মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তবে দুই দিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে আদালত এই সাংবাদিক নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জাতীয় প্রেসক্লাবের বিবৃতি: শওকত মাহমুদ জাতীয় প্রেসক্লাবের দলীয়করণের প্রতিবাদ করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে—খালেদা জিয়ার এ অভিযোগ সত্য নয় বলে ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এই বিবৃতিতে বলা হয়, জাতীয় প্রেসক্লাবকে রাজনীতিতে জড়িয়ে বক্তব্য প্রদান কাম্য নয়।