বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা অভিযোগ করেছেন, সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে সরকার গায়ের জোরে জেলে আটকে রেখেছে। তাঁরা বলেন, সব মামলায় জামিন পাওয়ার পরও দফায় দফায় গ্রেপ্তার দেখিয়ে সরকার আইনের শাসন পদদলিত করছে। অবিলম্বে তাঁদের মুক্তি দিতে হবে।
গতকাল সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সাংবাদিক নেতারা এসব কথা বলেন। শওকত মাহমুদ ও মাহমুদর রহমানের মুক্তি, বন্ধ সব মিডিয়া খুলে দেওয়া, সাগর-রুনিসহ সব সাংবাদিকের খুনিদের গ্রেপ্তার ও বিচার এবং নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে এ সাংবাদিক সমাবেশের আয়োজন করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, বিএফইউজের মহাসচিব এম আবদুল্লাহ, সাংবাদিক নেতা এম এ আজিজ, সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।
রুহুল আমিন গাজী বলেন, সরকার শওকত মাহমুদ ও মাহমুদুর রহমানের ওপর সীমাহীন জুলুম করছে। শওকত মাহমুদ কোনো চোর-ডাকাত নন। তিনি সাংবাদিকদের নির্বাচিত নেতা। বিজ্ঞপ্তি।