শওকত মাহমুদ গুরুতর অসুস্থ
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক শওকত মাহমুদ গুরুতর অসুস্থ। কৃত্রিম শ্বাসযন্ত্রের মাধ্যমে তাঁকে বাঁচিয়ে রাখা হয়েছে। তাঁর চিকিৎসক ফাওয়াজ গতকাল রাতে প্রথম আলোকে এ তথ্য জানান।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে আকস্মিকভাবে শওকত মাহমুদের শরীরের রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়। এতে তাঁর জীবন সংকটাপন্ন হয়ে পড়লে দ্রুত কৃত্রিম শ্বাসযন্ত্র লাগানো হয়। রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় তাঁর অবস্থার সামান্য উন্নতি হয় বলে সংশ্লিষ্ট চিকিৎসক জানান। শওকত মাহমুদ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের মহাসচিব ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি। পাতলা পায়খানা ও গ্যাসজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে শওকত মাহমুদ ২৩ মে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। এর আগে তাঁর হূদ্যন্ত্রে অস্ত্রোপচার করা হয়।