শওকত মাহমুদ তিন দিনের রিমান্ডে
গাড়ি পোড়ানোর মামলায় সাংবাদিক নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে জিজ্ঞাসাবাদে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে শওকত মাহমুদকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম। শওকত মাহমুদের আইনজীবী মাসুদ তালুকদার তাঁর জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সকালে রাজধানীর পান্থপথে একটি কনভেনশন সেন্টারের কাছ থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তিনি আদর্শ ঢাকা আন্দোলন নামের একটি সংগঠনের সংবাদ সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। তিনি এই সংগঠনের সদস্যসচিব।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির তথ্য-উপাত্ত উপস্থাপন করতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। পুলিশের বাধায় সংবাদ সম্মেলন পণ্ড হয়ে যায়।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ ঢাকা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি। একই সঙ্গে তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। তাঁকে গ্রেপ্তারের প্রতিবাদে ব্রাহ্মণপাড়া ও পার্শ্ববর্তী বুড়িচং উপজেলায় কাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
ডিবির উপকমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ প্রথম আলোকে বলেন, শওকত মাহমুদকে রমনা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত ১০ জানুয়ারি রাজধানীর ইস্কাটনে একটি গাড়ি পোড়ানো ও চালক নিহত হওয়ার ঘটনায় এ মামলাটি হয়। এ ছাড়া তিনি গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় যাত্রাবাড়ী থানায় হওয়া তিনটি মামলার এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত আসামি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, শওকত মাহমুদকে আজ বুধবার রমনা থানার মামলায় আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি নন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা শওকত মাহমুদের মুক্তির দাবিতে গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন।