শওকত মাহমুদকে আসামি করায় নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে বোমা হামলার ঘটনায় সাংবাদিক শওকত মাহমুদকে আসামি করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় প্রেসক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশ। মামলা থেকে শওকত মাহমুদের নাম প্রত্যাহার করারও দাবি জানিয়েছে তিনটি সংগঠনের নেতারা।
মামলা থেকে শওকত মাহমুদের নাম প্রত্যাহারের দাবিতে আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশ করবে বিএফইউজে ও ডিইউজে। শওকত মাহমুদ বিএফইউজের বর্তমান সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের বর্তমান সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক বিবৃতিতে বলেন, যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপের ঘটনাটি নৃসংশ এবং জঘন্য হিংসাত্মক কাজ। এর সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তি চান তাঁরা। কিন্তু প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করে শওকত মাহমদকে মামলায় অন্তর্ভুক্ত করেছে। এর ফলে প্রকৃত দোষীরা আড়াল হওয়ার সুযোগ পাবে।