শওকত মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এস এম মাসুদ জামান এ আদেশ দেন।
এর আগে এই মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো এবং সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত হালদার। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে গাড়ি ভাঙচুরের ঘটনায় শাহবাগ থানায় মামলাটি করে পুলিশ।