শওকত মাহমুদ আবার রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক নেতা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে চার মামলার প্রতিটিতে এক দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন। এর আগে একটি মামলায় তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছিল।

অগ্নিসংযোগ, গাড়ি পোড়ানো, পেট্রল বোমা নিক্ষেপ ও নাশকতার অভিযোগে পল্টন থানার পাঁচ মামলা ও মতিঝিল থানার তিন মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার আট মামলায় ৮০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। আদালত আজ ওই রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
আজ এই আটটি মামলার মধ্যে আদালতে চারটির শুনানি হয়। শুনানি শেষে চার মামলার প্রতিটিতে এক দিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আর বাকি চারটি মামলার রিমান্ড শুনানি পরবর্তীতে করা হবে বলে জানানো হয়। আজ পল্টন থানার তিনটি মামলা ও মতিঝিল থানার একটি মামলার রিমান্ড শুনানি হয়।
১৮ আগস্ট রাজধানীর পান্থপথের সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এরপর দিন গাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে করা একটি মামলায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। তবে দুই দিন রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে আদালত এই সাংবাদিক নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আজ রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহ আলম তালুকদার ওই চার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শওকত মাহমুদের চল্লিশ দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু শওকত মাহমুদের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদারসহ অন্যান্য আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। শওকত মাহমুদ শারীরিক অসুস্থ থাকায় তাঁকে রিমান্ডে যেন না নেওয়া হয় আদালতের কাছে সে আদেশ প্রার্থনা করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত ওই চার মামলায় একদিন করে চার দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।