শওকত মাহমুদের জামিন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার অভিযোগ করা পৃথক পাঁচটি মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম ইউনুস খান এ আদেশ দেন।
গতকাল জামিন বিষয়ে শুনানির আগে শওকত মাহমুদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। গতকাল রাজধানীর মুগদা থানার তিনটি মামলা ও খিলগাঁও থানার দুটি মামলায় জামিন চেয়ে আবেদন করা হয়।
শওকত মাহমুদের আইনজীবীরা আদালতকে বলেন, মামলাগুলোতে শওকত মাহমুদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। ঘটনার দীর্ঘদিন পর তাঁকে গ্রেপ্তার করে ভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। শুধু রাজনৈতিকভাবে হয়রানি করতে এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করে বলেন, শওকত মাহমুদকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে। এই আসামিকে জামিনে মুক্তি দিলে তদন্তে বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।
রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে ১৮ আগস্ট শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়।