শওকত মাহমুদের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে আরেকটি মানহানির মামলা হয়েছে। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন আইনজীবী পি কে রব। মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার মামলাটি গ্রহণ করে শওকত মাহমুদের বিরুদ্ধে সমন জারির নির্দেশ দেন। ২৮ এপ্রিল সমন জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন আদালত। ২০ মার্চ কক্সবাজারের একটি হোটেলে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের এক সমাবেশে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়। এর আগে একই অভিযোগে গত বৃহস্পতিবার শওকত মাহমুদের বিরুদ্ধে মামলা করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আবদুল মালেক। পটলের জামিন: আয়কর ফাঁকির মামলায় বিএনপির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান ওরফে পটল জামিন পেয়েছেন। ঢাকার মহানগর দায়রা জজ এ এন এম বশির উল্লাহ তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে বিচারের জন্য প্রস্তুত হওয়া মামলাটি বিশেষ জজ আদালত-১-এ পাঠানো হয়।