বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত ও সম্মিলিত নাগরিক কমিটির মেয়র পদপ্রার্থী শওকত হোসেন নির্বাচনে ১৫ লাখ টাকা ব্যয় করবেন। এর মধ্যে ১১ লাখ টাকা তাঁকে অনুদান দিচ্ছেন দুজন ঠিকাদার ও একজন ছাপাখানা ব্যবসায়ী। মেয়র প্রার্থীর জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ব্যয়সীমা ১৫ লাখ টাকা।মেয়র পদে বিএনপি-সমর্থিত ও জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব নির্বাচনে খরচ করবেন পাঁচ লাখ টাকা। আর আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মাহমুদুল হক খান খরচ করবেন নয় লাখ ৮৯ হাজার টাকা। এ দুজন এই টাকা খরচ করবেন নিজেদের ব্যবসা থেকে অর্জিত টাকা থেকে। মেয়র পদের তিন প্রার্থী হলফনামায় এসব তথ্য জানিয়েছেন।হলফনামা অনুযায়ী, সদ্য সাবেক মেয়র শওকত হোসেন যে ১৫ লাখ টাকা নির্বাচনে খরচ করবেন, তার মধ্যে নিজের রয়েছে চার লাখ টাকা। বাকি ১১ লাখ টাকার মধ্যে বিশিষ্ট ঠিকাদার ইদ্রিস মিয়া পাঁচ লাখ, ঠিকাদার ও আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার তিন লাখ এবং ছাপাখানা ব্যবসায়ী খান মশিউর রহমান তিন লাখ টাকা দিচ্ছেন।এ বিষয়ে সচেতন নাগরিক কমিটির (সনাক) বরিশালের সভাপতি ও সাবেক যুগ্ম সচিব মোয়াজ্জেম হোসেন বলেন, নির্বাচনের সর্বোচ্চ ব্যয়সীমা প্রার্থীরা মেনে চলেন না। নির্বাচনে প্রার্থীদের জন্য অর্থ নিয়ে যে ব্যবসায়ীরা ঝাঁপিয়ে পড়েন, তাঁরা আসলে এটিকে বিনিয়োগ মনে করেন।অবশ্য শওকতকে অনুদানদাতারা এই অনুদানকে বিনিয়োগ বলতে নারাজ। ইদ্রিস মিয়া দাবি করেন, শওকতের সঙ্গে তাঁর সখ্য ২০ বছরের। মেয়র থাকাকালে শওকত সিটি করপোরেশন থেকে তাঁকে তেমন কোনো ঠিকাদারি দেননি, যা নিয়ে বিতর্ক তোলা যায়।বলরাম পোদ্দার বলেন, বিগত সিটি নির্বাচনেও তিনি শওকতের জন্য সাধ্যমতো খরচ করেছেন। বরিশালের বাসিন্দা ও আওয়ামী লীগের নেতা হিসেবে এটাকে তিনি দায়িত্ব মনে করেন। তিনি সিটি করপোরেশন থেকে ১৬ কোটি টাকার একটি কাজ পাওয়ার কথা জানান। তিনি জানান, নগরের কাশীপুর বাজার থেকে হাতেম আলী চৌমাথা পর্যন্ত চার লেনবিশিষ্ট সড়ক নির্মাণের ওই কাজ চলছে।নিজেকে শওকতের অনুরাগী দাবি করে খান মশিউর রহমান বলেন, ‘আমার সঙ্গে বরিশাল সিটি করপোরেশনের কোনো ব্যবসায়িক সম্পর্ক নেই।’ঠিকাদারদের কাছ থেকে অনুদান নেওয়ার বিষয়ে শওকত বলেন, ‘সিটি করপোরেশনে অনেক ঠিকাদার আছেন, তাঁদের সবার কাছে আমি নির্বাচনী খরচের জন্য অনুদান চাইনি। যাঁরা আমাকে আর্থিক অনুদান দিচ্ছেন, তাঁদের সঙ্গে আমার সম্পর্ক একান্ত ব্যক্তিগত।’হলফনামায় দেওয়া নির্বাচনী ব্যয়ের বিষয়ে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী আহসান হাবিব বলেন, আর্থিক টানাটানির কারণে তিনি নির্বাচনে পাঁচ লাখ টাকার বেশি খরচ করতে পারবেন না। তবে তাঁর ধারণা, দলের নেতা-কর্মী ও সমর্থকদের অনেকেই নানাভাবে নির্বাচনে খরচ করবেন। আগে থেকে এ ব্যাপারে নিশ্চিত হতে পারেননি বলে হলফনামায় তা উল্লেখ করেননি।হলফনামা অনুযায়ী, শওকত নির্বাচনী প্রচারণার জন্য ৬০ হাজার পোস্টার, দুই লাখ প্রচারপত্র ও ২০ হাজার স্টিকার ছাপাবেন। ৯০টি সাধারণ ও ৬০টি ডিজিটাল ব্যানার করবেন। ৯৫টি পথসভা ও ৩৮টি উঠান বৈঠক করবেন। দুটি রিকশা ও ইজিবাইকে মাইক লাগিয়ে প্রচারণা চালাবেন। আহসান হাবিব ৬০ হাজার পোস্টার ও ৫০ হাজার প্রচারপত্র ছাপাবেন। ৩০টি সাধারণ ও ৩০টি ডিজিটাল ব্যানার করবেন। ঘরোয়া বৈঠক, মাইকিং, আপ্যায়ন ও প্রতীক মুদ্রণেও তিনি খরচ করবেন।মেয়র পদের অপর প্রার্থী মাহমুদুল ৩০ হাজার পোস্টার, ৬০ হাজার প্রচারপত্র, ২০ হাজার স্টিকার, ৩০টি ডিজিটাল ব্যানার, দুই হাজার প্রতীক মুদ্রণ করবেন।