বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবায়েদুল হক মনোনয়ন প্রত্যাহার করায় আহসান হাবিব ছাড়া বিএনপি ঘরানার আর কোনো মেয়র পদপ্রার্থী নেই। তবে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী শওকত হোসেনের বিরুদ্ধে নিজ দলেরই একজন প্রার্থী থেকে গেলেন। এই পরিস্থিতিতে স্থানীয় বিএনপি মনে করছে, একক প্রার্থী চূড়ান্ত করতে পারায় তাঁরা মাঠের লড়াইয়ে এগিয়ে গেলেন। এর আগের নির্বাচনগুলো পর্যালোচনা করলেও দেখা যায়, মহানগরে ভোটের রাজনীতির হিসাব বিএনপির পক্ষেই।নির্বাচনে গতকাল রোববার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এবায়েদুল হক বিকেলে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বরিশালে ফিরে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। কিন্তু আওয়ামী লীগ-সমর্থিত শওকত হোসেনের বিরুদ্ধে মাঠে থেকে গেলেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান।জানতে চাইলে শওকত হোসেন জানান, ভোটের রাজনীতিতে মাহমুদুলকে গুরুত্ব দিচ্ছেন না। তবে আওয়ামী লীগের রাজনীতি করা আরেকজন প্রার্থী থাকায় তাঁর মনে আক্ষেপ রয়েছে।শওকত হোসেনের এই আক্ষেপেই উল্লসিত স্থানীয় বিএনপি। আহসান হাবিবকে সমর্থন দেওয়া নাগরিক সমাজের সদস্যসচিব মিজানুর রহমান বলেন, ‘আগের নির্বাচনগুলোতে দেখা গেছে যে আওয়ামী লীগের চেয়ে বিএনপির ভোট অনেক বেশি। এ অবস্থায় একক প্রার্থী দিয়ে এক ধাপ এগিয়ে গেল বিএনপি।’দলীয় সূত্রে জানা যায়, বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দুই দিন ধরে বরিশালে অবস্থান করেও মাহমুদুলকে বোঝাতে ব্যর্থ হন। পরে তিনি মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় জানিয়ে দেন, আওয়ামী লীগ-সমর্থিত একমাত্র প্রার্থী শওকত হোসেন।এবায়েদুলের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, কেন্দ্রীয় বিএনপির আহ্বানে ঢাকায় গিয়েছিলেন এবায়েদুল। মেয়র পদপ্রার্থী আহসান হাবিবের ছেড়ে দেওয়া দক্ষিণ জেলা বিএনপির সভাপতির পদে স্থলাভিষিক্ত হয়ে ফিরেছেন তিনি। কোনো পদ পাওয়ার কথা অস্বীকার করে এবায়েদুল বলেন, ‘আমি বিএনপির কেন্দ্রীয় নেতাদের অনুরোধে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। তবে দেশনেত্রী আমাকে দলের কোনো দায়িত্ব দিতে চাইলে আমি তা গ্রহণে সব সময়ই প্রস্তুত।’ বিএনপির আরেক প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসানও গতকাল মনোনয়ন প্রত্যাহার করেন।বিগত দুটি সিটি করপোরেশন নির্বাচনের ফল পর্যালোচনা করলে দেখা যায়, ২০০১ সালের নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মজিবর রহমান ৪২ হাজার ৬২১ ভোট পেয়ে জয়ী হন। আওয়ামী লীগ-সমর্থিত এনায়েত পীর খান পান ৩২ হাজার ৬৫৫ ভোট। বিএনপির বিদ্রোহী দুই প্রার্থীর মধ্যে আহসান হাবিব ২০ হাজার ২৪৮ এবং এবায়েদুল হক ১৩ হাজার ৮৫৬ ভোট পেয়েছিলেন।২০০৮ সালের নির্বাচন বর্জন করে বিএনপি। এতে শওকত হোসেন ৪৬ হাজার ৭৯৬ ভোট পেয়ে বিজয়ী হন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করে আহসান হাবিব ২৬ হাজার ৪১৬ এবং এবায়েদুল হক ১৯ হাজার ৬২৬ ভোট পান।