শকুন ও পরিযায়ী পাখি সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক সভায় আলোচকেরা বলেছেন, শকুন বাঁচাতে হলে প্রাচীন ও উঁচু বৃক্ষকে সংরক্ষণ করতে হবে। যাতে করে শকুন সেই গাছে নির্বিঘ্নে বসতে পারে, বাসা তৈরি করতে পারে। শুধু কথা বলে শকুন কেন, কোনো প্রাণীই বাঁচানো যাবে না। প্রাণীর বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই সচেতনতামূলক সভার আয়োজন করে জেলা প্রশাসন, বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও সমন্বিত রক্ষিত এলাকা সহব্যবস্থাপনা প্রকল্প (আইপ্যাক)। জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। বক্তব্য দেন আইপ্যাকের ক্লাস্টার পরিচালক মাযহারুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল আউয়াল ভূঁইয়া, প্রাণী সংরক্ষক সীতেশ রঞ্জন দেব প্রমুখ। আলোচনায় বক্তারা শকুন ও দেশি-বিদেশি পাখি সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা ও বর্তমান বাস্তবতা তুলে ধরেন।বন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘শুধু দেশে নয়, সারা বিশ্বেই শকুন শেষ হয়ে যাচ্ছে। আগে গরু-ছাগল মারা গেলে শকুন আসত। শকুনই একমাত্র পাখি, যে সতেজ থাকা অবস্থাতেই মৃত পশুর চামড়া ফুটো করে খেতে পারে। মৃত পশু খেয়ে শকুন পরিবেশকে পরিচ্ছন্ন রাখত। অ্যানথ্রাক্সসহ বিভিন্ন রোগ-জীবাণু হজম করার ক্ষমতা শকুনই রাখে।’ তিনি জানান, দেশে সবচেয়ে বেশি শকুন আছে সিলেট বিভাগে। কিন্তু খাদ্য-সংকট, গবাদিপশুর মধ্যে ডাইক্লোফেনাকের ব্যবহার ও বসবাসের জায়গা নষ্ট হওয়ায় শকুন কমে গেছে। মাহবুবুর রহমান বলেন, ‘এখনো আমরা অতিথি পাখি ধরছি। বিক্রি করছি। অনেকেই খাচ্ছি। গরিব মানুষ বেশি দামে বড়লোকদের কাছে পাখি বিক্রি করার আশায় পাখি ধরছে। এ জন্য সচেতনতা বাড়াতে হবে।’ আইপ্যাকের মাযহারুল ইসলাম বলেন, ‘শ্রীমঙ্গলের কালাপুরে শকুনের একটি আবাসস্থলে ২০০৭ সালে ৩৫-৪০টির একটি শকুনের দল দেখা গেছে। এরপর আর সেখানে শকুন দেখা যায়নি। শকুন ও ঝুঁকিতে থাকা অন্যান্য পাখি বাঁচাতে হলে জলাভূমি, প্রাকৃতিক খাদ্য এবং প্রাচীন ও উঁচু গাছ সংরক্ষণ করতে হবে।’ তিনি জানান, শকুন সাধারণত আম, রেইনট্রি, কড়ই, শিমুল, শ্যাওড়া, তালগাছে বাস করে। এ রকম গাছ রোপণ করতে হবে। শ্রীমঙ্গলের ব্যক্তিগত চিড়িয়াখানার প্রাণী সংরক্ষণবিদ সীতেশ রঞ্জন দেব বলেন, ‘শকুনের বসবাসের জন্য বড় গাছ লাগে। যদি ১০টি ডিম পাড়ে। এর মধ্যে দু-তিনটি পড়ে যায়। তাহলে মন খারাপ করে সেখান থেকে চলে যায়। শকুন বাঁচাতে হলে তালগাছ, বটগাছ কাটা রোধ করতে হবে।’ আলোচকেরা সরকারি খাসজমি, গোচারণ ভূমি ও খাল-নালা উদ্ধারের ওপর জোর দেন। এসব স্থানে বিভিন্ন জাতের গাছ লাগানো যাবে। জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মৌলভীবাজারে আট-দশটি বিলকে স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করা হচ্ছে। যেগুলো কখনোই ইজারা দেওয়া হবে না। এ ছাড়া সরকারি পতিত ভূমি উদ্ধার করে খেলার মাঠ তৈরি ও গোচারণ ভূমি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয়েছে। অচিরেই উদ্ধার-কার্যক্রম শুরু হবে।’ শকুন ও পরিযায়ী পাখি সম্পর্কে জানাতে সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছিল।