শকুন রক্ষার উদ্যোগ
বাংলাদেশের আকাশে দুই দশক আগেও শকুন দেখা যেত। এখন আর তেমন দেখা যায় না। কিছুদিন পর হয়তো একেবারেই বিলুপ্ত হয়ে যাবে। আড্ডা, গল্প আর বইয়ের পাতায় থেকে যাবে শুধুই ছবি।
এই অবস্থায় পাখিটির অস্তিত্ব টিকিয়ে রাখার উদ্যোগ নিয়েছে বেসরকারি সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) বাংলাদেশ ও বন বিভাগ। শকুনের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে গতকাল শনিবার পঞ্চগড়ের সদর উপজেলার মীড়গড় উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা হয়।
আলোচনা সভা সূত্রে জানা গেছে, বাংলাদেশে তিন প্রজাতির শকুন স্থায়ীভাবে বসবাস করত। এর মধ্যে রাজ শকুন বিলুপ্ত হয়ে গেছে। ৪০ বছর পরে এ বছর মাত্র একটি সরু ঠোঁটের শকুনের দেখা পাওয়া গেছে। এই প্রজাতিটি ছাড়া বর্তমানে বাংলা শকুনই একমাত্র আবাসিক শকুন হিসেবে টিকে আছে। এটি দক্ষিণ এশিয়ায় এনডেমিক পাখি। বাংলা শকুন বর্জ্যভুক হিসেবে শুধু ‘প্রাকৃতিক পরিষ্কারক’ই নয়, এটি বাংলা সংস্কৃতিরও অংশ। এর বৈজ্ঞানিক নাম bengalensis এসেছে এই ‘বাঙলা’ অঞ্চল থেকেই। ভারতীয় উপমহাদেশে প্রায় চার কোটি শকুন ছিল। বর্তমানে এই সংখ্যা নেমে এসেছে মাত্র ১০ হাজারে। ১৯৯০ সাল থেকে সমগ্র উপমহাদেশে বাংলা শকুনসহ অন্যান্য শকুন কমতে থাকে। বাংলাদেশেও শকুনের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে। বর্তমানে বাংলা শকুনের সংখ্যা ৫০০-এর নিচে নেমে এসেছে। প্রতিবছর শীতকালে কিছু পরিযায়ী শকুন পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় খাবারের সন্ধানে চলে আসে। দীর্ঘ পথ উড়ে উড়ে ক্লান্ত শকুনেরা খাবারের অভাবে ডানা মেলতে পারে না। পড়ে যায় মাটিতে অথবা গাছের আগায় চুপ করে বসে থাকে। এই সুযোগে কিছু অসচেতন মানুষ তাদের পিটিয়ে মারে। শকুন রক্ষায় সচেতনতা বাড়াতে গতকাল পঞ্চগড়ের সদর উপজেলার মীড়গড় উচ্চবিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আইইউসিএনের প্রকল্প পরিচালক সারোয়ার আলম জানান, এই এলাকায় একটি শকুন সংরক্ষক দল তৈরি করা হয়েছে। তারা এই জেলায় জেলার বিভিন্ন এলাকায় গিয়ে শকুন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করবে। এ সময় বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইনাম আল হক উপস্থিত ছিলেন।