শকুন রক্ষায় উদ্যোগ নিতে হবে এখনই
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়ি চা-বাগান তন্ন তন্ন করে খুঁজে গতকাল শনিবার দুপুরে মাত্র একটি ‘গিত পাখি’র সন্ধান পাওয়া গেছে। অথচ গত বছরও এ সময় এখানে ১৭-১৮ জোড়া ‘গিত পাখি’ ছিল। চা-বাগানের শ্রমিকেরা শকুনকে গিত পাখি নামে জানেন। কালাছড়া বনসংলগ্ন এই চা-বাগানটিতে প্রায় ৪৭টি বাংলা শকুনের (জিপ্স বেঙ্গলেনসিস) আবাসস্থল ছিল।গবাদিপশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক নামের একটি ওষুধ ব্যবহার, খাদ্যসংকট এবং বন উজাড় করায় এদের আবাসস্থল নষ্ট হয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এদের রক্ষায় এখনই উদ্যোগ নেওয়া না হলে আগামী পাঁচ বছরের মধ্যে শকুনের এই প্রজাতিটি পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। জানা গেছে, দেশে বাংলা শকুনের সবচেয়ে বড় দলটির আবাসস্থল ছিল ফুলছড়ি চা-বাগান। ওই চা-বাগানের শ্রমিকদের কথায়ও এর সত্যতা পাওয়া যায়।ফুলছড়ি চা-বাগানের শ্রমিক বিশ্বজিৎ সিং ছত্রী, অনিল কর্মকার, নরেন রিকমুন, তরণী নায়েকসহ আরও কয়েকজন জানান, বাগানের ৪ ও ৮ নম্বর সেকশনের কয়েকটি উঁচু গাছে গিত পাখিদের বসবাস ছিল। ৪ নম্বর সেকশনের একটি মালাকানা ও একটি করইগাছ এবং ৮ নম্বর সেকশনের দুই-তিনটি করই ও আমগাছে এরা জোড়ায় জোড়ায় বাসা বেঁধে থাকত। এই গাছগুলো এখন আর নেই। তাই আগের মতো ‘গিত পাখিদের’ দেখা পাওয়া যায় না।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, প্রায় ছয় মাস আগেও এই চা-বাগানে অনেকগুলো শকুন ছিল। চায়ের আবাদ সম্প্রসারণ করার সময় কিছু বড় গাছ কাটা এবং ঝড়ে কিছু গাছ পড়ে যাওয়ার পর থেকে শকুনের আনাগোনা বহুলাংশে কমে গেছে।পাখি বিশেষজ্ঞ এবং বাংলাদেশ বার্ড ক্লাবের প্রেসিডেন্ট ইনাম আল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘গত বছর কালাছড়া বনসংলগ্ন এলাকার ওই বাগানটিতে ৪৭টি বাংলা শকুনের দেখা পাওয়া গিয়েছিল। কিন্তু এ বছর একই সময়ে মাত্র সাতটির সন্ধান মিলেছে। অথচ এখানেই ছিল দেশে বাংলা শকুনের সবচেয়ে বড় দলটির আবাসস্থল।’তিনি আরও বলেন, বিশ্বব্যাপী এটি অতি বিপন্ন পাখিদের একটি। দেশে বাংলা শকুনের সংখ্যা প্রায় ২০০টি। এর ১৫০টির মতো সিলেট অঞ্চলে রয়েছে। সিলেট অঞ্চলের মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া, হবিগঞ্জের নবীগঞ্জ ও আদিত্যপুরে এদের অবস্থান লক্ষ করা যায়। এ ছাড়া সুন্দরবন ও নেত্রকোনা জেলার কিছু এলাকায় এদের দেখা যায়।জানা গেছে, গবাদিপশুর চিকিৎসায় ব্যবহূত ‘ডাইক্লোফেনাক’ ওষুধ বাংলা শকুন বিলুপ্তির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী শকুন রক্ষায় পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান, নেপাল কয়েক বছর আগেই উদ্যোগ নিয়েছে। এসব দেশে ‘ডাইক্লোফেনাক’ নিষিদ্ধ রয়েছে। ইনাম আল হক বলেন, শকুন রক্ষায় আজ রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকায় বন বিভাগের মিলনায়তনে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এ সেমিনার থেকে দেশে ‘ডাইক্লোফেনাক’ নিষিদ্ধের দাবি তোলা হবে।