শকুন রক্ষায় বাসা ও বিশ্রামের বৃক্ষ সংরক্ষণের দাবি
মানুষের অসচেতনতা ও উঁচু বৃক্ষ নিধনের কারণে প্রকৃতির ঝাড়ুদার শকুন এখন বিলুপ্তির পথে। বিগত তিন দশকে বাংলাদেশের প্রায় ৯৯ শতাংশ শকুন মারা গেছে। প্রকৃতিতে সরাসরি এর বিরূপ প্রভাব পড়ছে। অ্যানথ্রাক্স, যক্ষ্মা, খুরারোগের মতো বিভিন্ন রোগ বনাঞ্চল ও জনপদে সহজেই ছড়িয়ে পড়ছে। তাই যেসব গাছে এখনো শকুন বাসা তৈরি করছে বা বিশ্রাম নিচ্ছে, সেই সব গাছ সরকারি বা ব্যক্তিমালিকানাধীন হলেও সেগুলোকে সংরক্ষণ করতে হবে। উপযুক্ত পরিবেশ পেলে ‘বাংলা শকুন’ আবার মানুষের উপকারে ফেরত আসবে।গত সোমবার মৌলভীবাজারে ‘বসতি বাঁচাও-শকুন বাঁচাও’ শীর্ষক সচেতনতামূলক সভায় শকুন নিয়ে শঙ্কা ও সম্ভাবনার এমন কথা বলা হয়েছে। বসতি বাঁচাও-শকুন বাঁচাও আন্দোলন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানের মতো মৌলভীবাজার জেলায়ও একসময় প্রচুর বাংলা শকুন দেখা গেছে। এরা এই অঞ্চলের বনাঞ্চল ও জনপদের কাছাকাছি উঁচু গাছে বছরের পর বছর বাসা তৈরি করেছে। বসবাস করেছে। কিন্তু মানুষের অসচেতনতার কারণে এখন বাংলা শকুনের দেখা পাওয়াই যায় না। বলা হয়েছে, প্রথমত গরু-ছাগলের চিকিৎসায় ডাইক্লোফেনাকের ব্যবহার শকুনের জীবন বিপন্ন করেছে। ডাইক্লোফেনাক ব্যবহূত মৃত গরু-ছাগলের মাংস খেয়ে শকুনের কিডনি নষ্ট হয়েছে। হূদিক্রয়া বন্ধ হয়ে মারা গেছে। অন্যদিকে এ অঞ্চলের যেসব প্রাচীন ও উঁচু গাছ শকুনের আবাসস্থল ছিল, শকুনের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা না থাকায় সরকারি বা ব্যক্তিমালিকানাধীন সব গাছই নির্বিচারে কেটে ফেলা হয়েছে। এর ফলে যেসব স্থানে শকুন দেখা যেত, সেই সব স্থানে এখন আর শকুন দেখা যায় না।সূত্র আরও জানায়, মৌলভীবাজারের বড়লেখা, কুলাউড়া ও শ্রীমঙ্গলের বিভিন্ন স্থানে উঁচু বৃক্ষে শকুনের বাসা ছিল। এখন আর সেখানে বাসা তৈরির মতো কোনো গাছই নেই। তবে আশার কথা, মৌলভীবাজারের দু-একটি স্থানে এখনো কিছু শকুন দেখা যাচ্ছে। জেলার একটি এলাকার গাছে প্রায় নিয়মিত সাত-আটটি শকুন দেখা যাচ্ছে। এখানে কুড়িটির মতো শকুন দেখা গেছে। ২০১০ সালে মৌলভীবাজার জেলার একটি গাছে ৩৮টি বাংলা শকুন ও দুটি হিমালয়ান গ্রিফিন দেখা গেছে।ওরিয়েন্টাল বার্ড ক্লাব ও বাংলাদেশ বার্ড ক্লাব বিলুপ্তপ্রায় শকুন বাঁচানোর উদ্যোগ নিয়েছে। তাদের উদ্যোগে সোমবার মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘বসতি বাঁচাও-শকুন বাঁচাও’ শীর্ষক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও মনির হোসেন খানের সঞ্চালনায় সভায় বন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে বিষয়ভিত্তিক মূল বক্তব্য উপস্থাপন করেন ‘বসতি বাঁচাও-শকুন বাঁচাও’ প্রকল্পের সমন্বয়কারী বন্য প্রাণী গবেষক তানিয়া খান। তানিয়া খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘শকুন যেখানে বাসা করছে, যেসব গাছ বিশ্রামের জন্য ব্যবহার করছে, সেই সব গাছের কোনোভাবেই ক্ষতি করা যাবে না। এটা সরকারি বা ব্যক্তিপর্যায়েরই হোক। গাছ সংরক্ষণ করতে হবে। কারণ শকুন একই গাছে বছরের পর বছর বাসা তৈরি করে।’