শকুন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের সচেতনতার অভাবে প্রকৃতির পরিচ্ছন্নকর্মী শকুন আজ বিলুপ্তির পথে। দেশে শকুনের সংখ্যা কমে এখন ৫০০-এর নিচে নেমে এসেছে। শুধু শকুন নয়, সব বন্য প্রাণীর অস্তিত্ব আজ হুমকির মুখে।
এ ক্ষেত্রে শুধু আইন করে শকুন বাঁচানো যাবে না। এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ। শকুন রক্ষায় সাধারণ মানুষকে সচেতন ও সম্পৃক্ত করে একত্রে সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজারে আন্তর্জাতিক শকুন সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বন বিভাগের সহযোগিতায় ওই সভার আয়োজন করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)। জেলা প্রশাসক মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইইউসিএন বাংলাদেশের প্রতিনিধি (কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ) ইশতিয়াক উদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জহিরুল ইসলাম ও বন্য প্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগের হবিগঞ্জ বিভাগীয় কর্মকর্তা মো. সাঈদ আলী। স্বাগত বক্তব্য দেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন আইইউসিএনের শকুন সংরক্ষণ বাংলাদেশ প্রকল্পের প্রধান অনুসন্ধানকারী (চিফ ইনভেস্টিগেটর) এবিএম সারওয়ার আলম।
সারওয়ার আলম মূল বক্তব্যে বলেন, এই উপমহাদেশে চার কোটি শকুন ছিল। একপর্যায়ে অসুস্থ গবাদিপশুর চিকিৎসায় ডাইক্লোফেনাক ব্যবহার করা হয়েছে। ডাইক্লোফেনাক প্রয়োগ করা গবাদিপশুর মৃতদেহ খেয়ে ৯৯ দশমিক নয় শতাংশ শকুন মারা যায়। উপমহাদেশে এখন ১০ হাজার শকুন রয়েছে। সুন্দরবন, ময়মনসিংহ এবং বৃহত্তর সিলেট অঞ্চলে জরিপ চালিয়ে দেড় শ শকুন দেখা গেছে। ভারত ও নেপালের মতো শকুন রক্ষায় বাংলাদেশে শকুনের জন্য দুটি নিরাপদ অঞ্চল গড়ে তোলা হচ্ছে।
আলোচনা সভার আগে এম সাইফুর রহমান মিলনায়তন থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।