শকুনি লেকে ভিড় দর্শনার্থীদের

দর্শনার্থীদের জন্য অপরূপ সাজে সেজেছে শকুনি লেকটি। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে সবার মিলনমেলায় এর সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের প্রথম দিন থেকেই শকুনি লেকের পাড়ে দর্শনার্থীদের আনাগোনা চোখে পড়ার মতো।
লেকটির নাম ‘শকুনি লেক’। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রে বিশাল একটি অংশ নিয়ে এটি অবস্থিত। স্থানীয় লোকজনের মতে, প্রায় ২০০ বছর আগে শকুনি লেকটির স্থানে একটি ডোবা ছিল, যেখানে শকুন নামে কয়েকটি ভূত থাকত। ধীরে ধীরে ডোবাটি বড় হতে থাকে এবং সেই থেকেই এটি শকুনি লেক নামে পরিচিত। ১৮৫৪ সালে শকুনি লেকটি আবার খননের মধ্য দিয়ে মাদারীপুর শহরের পত্তন হয়। দীর্ঘদিন অযত্ন-অবহেলায় থাকায় ২০১৩ সালে ২২ কোটি টাকা ব্যয়ে এর সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করে মাদারীপুর পৌরসভা।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দীর্ঘ এক কিলোমিটার শকুনি লেকটির চারপাশে শিশু, কিশোরসহ সব বয়সের মানুষের ভিড়। প্রাকৃতিক বিনোদনের পাশাপাশি ওয়াচ টাওয়ারে উঠতে পেরে খুশি অনেকেই। এ ছাড়া বঙ্গবন্ধুর ম্যুরাল, শহীদ কানন, মুক্তমঞ্চ, শিশুপার্ক, স্বাধীনতা অঙ্গন, এমপি থিয়েটার মঞ্চ, শান্তি ঘাটলা, পানাহারসহ লেকটির বিভিন্ন স্থানে ঘুরে আনন্দ উপভোগ করেন সবাই। কেউ কেউ আপনমনে যে যেভাবে পারছেন ঈদের উৎসবে মেতে উঠেছেন।
সদর উপজেলার চরমুগুরিয়া এলাকা থেকে আসা দর্শনার্থী নুসরাত জাহান বলেন, ‘জেলায় ঘোরার মতো কোনো দর্শনীয় স্থান নেই। শহরের এই শকুনি লেকপাড়ে এলে প্রাকৃতিক পরিবেশ দেখলে মন ভরে যায়। পরিবারের সবাইকে নিয়ে প্রায়ই এখানে ঘুরতে আসি।’
কালকিনির বনগ্রাম এলাকা থেকে আসা ইমন সরদার বলেন, ‘ঈদের ছুটিতে বাড়িতে এলে এই লেকপাড়ে বন্ধুদের নিয়ে ঘুরতে আসি। এখানে এলে আর বাসায় যেতে ইচ্ছা হয় না।’
সরকারি রাজৈর কলেজের প্রভাষক সত্যজিৎ রায় বলেন, ‘নতুনভাবে সাজানোর পর শকুনি লেকটি এখন শহরের বিনোদনপ্রেমীদের
সবচেয়ে পছন্দের স্থান হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবার ও আত্মীয়স্বজন নিয়ে প্রায়ই এখানে সময় কাটাই।’
মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এই লেকটি অযত্ন-অবহেলিত থাকলেও সম্প্রতি ২২ কোটি টাকা ব্যয়ে এর সৌন্দর্যবর্ধনের কাজ শেষ হয়েছে। প্রতিবছর শকুনি লেকের রক্ষণাবেক্ষণ ব্যয় ধরা হয়েছে ৩০ লাখ টাকা। এরপর থেকে শুধু ঈদে নয়, বিশেষ বিশেষ দিনে বিনোদন পেতে পাশের জেলার দর্শনার্থীরাও ছুটে আসেন এই শকুনি লেকে।