শক্ত হাতে মাখানো মুড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিময় পরিবহনের বাসচালক মোহাম্মদ মোস্তফা প্রতিদিন ৩১২ কিলোমিটার পথ পাড়ি দেন। শক্ত হাতে ঘোরান বাসের ‘স্টিয়ারিং হুইল’। গতকাল মঙ্গলবার এই মোস্তফাকেই দেখা গেল মহাখালী বাসস্ট্যান্ডে বসে শক্ত হাতে মুড়ি মাখাতে। সহকর্মীরা জানালেন গাড়ি চালাতে তিনি যেমন দক্ষ, মুড়ি মাখাতেও তেমনি অনবদ্য। মোস্তফা অবশ্য বললেন, ‘ট্রিপ’ থাকলে আর এই কাজে শরিক হতে পারেন না। কিন্তু কাজ না থাকলে ঠিক ঠিক আসরের নামাজের পর হাজির হয়ে যান।মহাখালী বাস টার্মিনালের ইফতার আয়োজনের মূলকেন্দ্র টার্মিনাল মসজিদের ছাদ। প্রতিদিন গাড়ির চালক, গাড়ি মেরামতকারী, মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি আর যাত্রীদের মোটামুটি বড় একটা জমায়েত হয় এখানে। গাড়ি মেরামতকারী খোরশেদ আলম জানান, ১৯৯৫ সাল থেকে তিনি এখানে ইফতার করেন। আগের তুলনায় বাসস্ট্যান্ডের কলেবর যেমন বেড়েছে, এই ইফতারে শামিল হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। ২০-২২ জন থেকে এখন এই সংখ্যা ১০০ জনে পৌঁছেছে।যাঁরা ইফতারের আয়োজন করেন, যেমন মুড়ি মাখানো, শরবত বানানো, তাঁরা আগেভাগেই এসে পড়েন। আর মাগরিবের নামাজের আধা ঘণ্টা আগে থেকে ধীরে ধীরে সবাই জমায়েত হতে শুরু করেন। এক একটি দলে চার-পাঁচজন গোল হয়ে বসেন আর তাঁদের কাছে বাটিতে বাটিতে ইফতার পৌঁছে দিয়ে আসেন একজন। ইফতারের আয়োজন সম্পর্কে জানতে চাইলে মসজিদের ইমাম দেলোয়ার হোসেন বলেন, মসজিদে পরিবহন শ্রমিকেরা যে দান-খয়রাত করেন তা দিয়েই রোজকার এই আয়োজন চলে। আয়োজন আহামরি কিছু নয়, খেজুর, শরবত, ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু, কলা—এসব।মসজিদের ছাদের এই আয়োজন ছাড়াও বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠান আলাদা করেও ইফতারের আয়োজন করে। মহানগর পরিবহনের কাউন্টারের সামনে বাসের সিট বিছিয়ে ইফতার করছিলেন জনাদশেক লোক।অদূরেই গোল হয়ে বসে প্রায় ৩০-৪০ জন গাড়ি মেরামতকারীকে নিয়ে ইফতার করছিলেন মোহসীন পাটোয়ারী। পাটোয়ারী গ্যারেজ মালিক হলেও নিজে প্রতিদিন ইফতারি সাজিয়ে সবাইকে নিয়ে মাটিতে বসে ইফতার করেন।এ ছাড়া বাস টার্মিনালে বিচ্ছিন্নভাবে ইফতার করেন আরও অনেকে। শহীদুল ইসলাম এবং মোহাম্মদ রফিক নামে ময়মনসিংহগামী দুই যাত্রীকে পাওয়া গেল। গুলিস্তান থেকে মহাখালী পৌঁছাতে পৌঁছাতেই সন্ধ্যা হয়ে গেছে। হাতে একগাদা মালপত্র। বুঝে উঠতে পারছিলেন না কোথায় বসে ইফতার করবেন। ভরসা তাই ছোটখাটো দোকান। অল্পস্বল্প কিছু মুখে দিয়েই উঠে পড়েছেন গাড়িতে। তারপর অপেক্ষা গাড়ি ছাড়ার। এভাবেই রমজান মাসের প্রতি সন্ধ্যায় ইফতারের আয়োজন হচ্ছে বাসস্ট্যান্ডে।