পাবনার ফরিদপুর উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার করা হলেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তাঁরা। এতে দলীয় নেতা-কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভক্তি। অন্যদিকে অধিকাংশ ইউনিয়নেই একক প্রার্থী নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে বিএনপি।
উপজেলার পুংগলী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নির্বাচনে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মুকুল হোসেন সরকার। আওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থী হিসেবে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মান্নান। ফলে দলীয় নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। ইউনিয়নটিতে বিএনপি থেকে একক প্রার্থী হয়েছেন জাহিদুল ইসলাম।
আব্দুল মান্নান বলেন, ‘আমি গত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম। ষড়যন্ত্র করে এবার আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। ইউনিয়নবাসীর দাবির পরিপ্রেক্ষিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছি।’ দল থেকে বহিষ্কারের বিষয় নিয়ে নির্বাচনের পড়ে জবাব দেওয়া হবে বলে জানান আব্দুল মান্নান।
বনওয়ারী নগর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হয়ে তাঁর বিপক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম। অন্যদিকে বিএনপি থেকে লড়ছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। এখানে বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন কবির উদ্দীন সরকার।
আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে যিনি প্রার্থী, তাঁর বিষয়টিও দলই দেখবে।’
ফরিদপুর ইউনিয়নে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন সরওয়ার হোসেন। দলীয় কোনো পদবি না থাকলেও তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকারের ভাগনে। বিদ্রোহী হয়ে তাঁর বিপক্ষে অবস্থান নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল জলিল। আব্দুল জলিল বলেন, ‘কোনো রাগ-ক্ষোভ না। ইউনিয়নবাসী চাওয়ায় নির্বাচনে লড়ছি।’
ফরিদপুর ইউনিয়নে বিএনপির কোনো প্রার্থী নেই। ঐক্যজোট থেকে মনোনীত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন জামায়াতে ইসলামীর রবিউল করিম। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হিসেবে এলাকায় পরিচিত রমজান আলী।
বিএলবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ থেকে লড়ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। বিদ্রোহী প্রার্থী হয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর।
আব্দুল গফুর বলেন, ‘দলের জন্য আমার ত্যাগ রয়েছে। আমি প্রার্থী হওয়ার যোগ্যতা রাখি। কিন্তু আমাকে প্রার্থী না করে উল্টো বহিষ্কার করা হয়েছে। নির্বাচনের ফলাফলে এর জবাব দেওয়া হবে।’ ইউনিয়নটিতে বিএনপির একক প্রার্থী হিসেবে লড়ছেন উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মল্লিক।
ডেমরা ইউনিয়নে আওয়ামী লীগের কোনো বিদ্রোহী নেই। একক প্রার্থী হিসেবে লড়ছেন মাহফুজুর রহমান। বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন আব্দুল মান্নান মণ্ডল। বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মলয় কুমার কণ্ডু।
মলয় কুমার কণ্ডু বলেন, ‘দল আমাকে মূল্যায়ন করেনি। তবে ইউনিয়নবাসী করেছেন। তাই তাঁদের দাবিতে প্রার্থী হয়েছি।’
হাদল ইউনিয়নে আওয়ামী লীগ থেকে লড়ছেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা। বিদ্রোহী প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সদস্য জহুরুল ইসলাম, খোরশেদ আলম ও মিজানুর রহমান। অন্যদিকে বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে লড়ছেন রওশন আলী মোল্লা। তিনিও দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। নির্বাচনের আগে দল ত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়েছেন।
বিদ্রোহীদের প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান সরকার বলেন, এরই মধ্যেই দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিদ্রোহী প্রার্থীদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাঁরা এখন আওয়ামী লীগের কেউ না।
পাবনা জেলা বিএনপির দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম বলেন, ‘বিএনপিতে কোনো বিদ্রোহী নেই। মনোনয়নপ্রাপ্তরা সবাই ভালো অবস্থানে আছেন। তবে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের দাবি করছি।’