শক্তি জাগিয়ে তোলার দৃপ্ত শপথ আই-জিনিয়াসদের
আই-জিনিয়াস। ভেঙে বললে আই—ইন্টারনেট, জি—গ্রেট (বড়) ই—ইগার (আগ্রহী), এন—নোব্ল (মহান), আই—ইন্সপায়ার (প্রেরণা), ইউ—ইউনিক (অদ্বিতীয়), এস—স্ট্রং (শক্তিশালী)। ইন্টারনেটকে কাজে লাগিয়ে নিজের ভেতরের উদ্ভাবনী শক্তি জাগিয়ে তুলে বড় হয়ে ওঠার শপথ নিল মোট ১০২ জন আই-জিনিয়াস।রাজধানীর বসুন্ধরায় জিপি হাউসে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে জড়ো হয় এই মেধাবীরা। সারা দেশের মোট দুই লাখ প্রতিযোগীর মধ্য থেকে বেছে নেওয়া হয়েছে এই সেরা ১০২ জনকে। আধঘণ্টার একটি প্রশিক্ষণের পরে উপস্থিত পরীক্ষা দিয়ে সেরার তালিকায় নাম উঠেছে তাদের। এখন তারা অংশ নিচ্ছে জাতীয় পর্যায়ে দুই দিনব্যাপী চূড়ান্ত প্রতিযোগিতায়। গ্র্যান্ড ফিনালের প্রথম দিনে সকাল ১০টায় শুরু হয় আই-সম্মেলন। এতে ‘জিনিয়াসদের’ উৎসাহ জোগাতে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। অধ্যাপক কায়কোবাদ বলেন, ‘বাংলাদেশের শিক্ষা খাতে উপযুক্ত ভৌত অবকাঠামো নেই, কিন্তু শিক্ষার্থীদের প্রাণশক্তি আর শেখার আগ্রহ প্রচুর। এটাই সময় ১৬ কোটি মানুষের এই দেশের জন্য তোমাদের তারুণ্যের শক্তি দিয়ে সেবা করার।’মুহম্মদ জাফর ইকবাল বলেন, ‘জিনিয়াস হতে হলে সবদিকেই সেরা হতে হবে। শুধু ইন্টারনেট বা ফেসবুক ব্যবহার করে আই-জিনিয়াস হওয়া যাবে না। কম্পিউটারকে একটি হাতিয়ার হিসেবে দেখো। প্রত্যন্ত অঞ্চলে যাদের কাছে কম্পিউটার নেই, তাদের একজনের সঙ্গে তোমাদের শিক্ষা-জ্ঞান ভাগাভাগি করো।’ তিনি সবাইকে কিছু মৌলিক প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শেখার পরামর্শ দেন। তরুণদের মুক্তিযুদ্ধের ইতিহাস জেনে তা সবার কাছে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানান জনপ্রিয় এই শিক্ষক-লেখক। মুনীর হাসান তরুণদের বাংলা উইকিপিডিয়ায় আগামী এক বছর প্রতিদিন একটি করে লাইন লেখার আহ্বান জানান। ফেসবুকসহ ইন্টারনেটের নানা বিষয় ব্যবহারের আগে বিভিন্ন সফটওয়্যার সম্পর্কে সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি।আই-সম্মেলনের শেষ দিকে এই বিশেষজ্ঞরা আই-জিনিয়াসদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দুপুরে শুরু হয় আই-জিনিয়াসদের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। আজ শনিবার বেলা সাড়ে তিনটায় শুরু হবে গ্র্যান্ড ফিনালের সমাপনী অনুষ্ঠান।