শক্তি নেটওয়ার্কের এক বছর পূর্তি
মেয়েদের এলাকাভিত্তিক বন্ধুত্বের সংগঠন ‘শক্তি নেটওয়ার্ক’-এর এক বছর পূর্তি অনুষ্ঠান হয়ে গেল রাজধানীর একটি রেস্তোরাঁয়। গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অনুষ্ঠানে অংশ নেন শক্তির বিভিন্ন এলাকার সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইয়াসমিন হক, ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক এবং ডেটা সফটের ম্যানেজিং ডিরেক্টর মাহবুব জামান, বাংলাদেশ মহিলা পরিষদের অর্থ সম্পাদক দিল আফরোজ বেগম, পেশাজীবী নারী সমাজের সাধারণ সম্পাদক আফরোজা হক লীনাসহ অনেক বিশিষ্ট ব্যক্তি।
উৎসব শুরু হয় সবাই মিলে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। এরপর শক্তির জন্মদিন উপলক্ষে সবার পাঠানো ভিডিও বার্তা ও শক্তির কার্যক্রম নিয়ে বিস্তারিত একটি পরিবেশনার পর অতিথিরা তাঁদের মূল্যবান বক্তব্য দেন।
শক্তি নেটওয়ার্ক একই এলাকার মেয়েদের নিজেদের মধ্যে সরাসরি যোগাযোগ আর সশরীরে পরিচয় ঘটিয়ে দিয়ে বন্ধুত্ব তৈরি করে। এলাকার মেয়েরা ছোট ছোট গ্রুপ তৈরি করে নিজেরা আড্ডা দেয়, একসঙ্গে বেড়ায়, কাজে বের হয়। এতে মেয়েরা ঝুঁকি এড়াতে পারবে। ঢাকায় এখন শান্তিনগর, ইস্কাটন, ফার্মগেট, কল্যাণপুর, মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, খিলগাঁও, উত্তরা, গুলশান ও নীলক্ষেত এলাকায় শক্তির গ্রুপ রয়েছে।