বিশ্বের শক্তিধর দেশ ও দেশীয় ষড়যন্ত্রকারীরা দেশে জঙ্গি তৎপরতা চালিয়ে গুপ্তহত্যায় মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল বুধবার দশম জাতীয় সংসদে অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
মতিয়া চৌধুরী বলেন, ‘চোরাগোপ্তা এই হত্যাকাণ্ড নিয়ে সময়ে-অসময়ে শক্তিধর এসব দেশের আহা-উহুর সীমা নেই। এখন এই শক্তিধর দেশগুলোতে একের পর এক, গন্ডায় গন্ডায় মানুষ খুন হচ্ছে। এমনকি এমপিকেও হত্যা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হয়, বর্তমানে সবারই কপালে একটু ভাঁজ পড়েছে। বানরের লেজে আগুন দিয়ে ছেড়ে দিয়েছিল অন্যের বাড়িতে আগুন লাগাতে। এখন সেই আগুন নিজেদের বাড়িতেও ছড়িয়ে পড়েছে। আমাদের সবার মনে রাখতে হবে ব্যাধি সংক্রামক, সুস্থতা সাবধানতাসহকারে পরিচর্যার মাধ্যমে অর্জন করতে হয়।’
মতিয়া চৌধুরী জঙ্গিবাদবিরোধী ফতোয়ার জন্য আলেমদের ধন্যবাদ জানান।
কৃষিমন্ত্রী সঞ্চয়পত্রে সুদের হারের ‘বৈষম্য’ কমানোর তাগিদ দেন। অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘সঞ্চয়পত্রের ক্ষেত্রে দেখা যায়, দুই ধরনের সুদের হার। সরকারি কর্মচারীরা পায় বেশি হারে সুদ। সাধারণ মানুষ পায় কম হারে সুদ। এটি কেন? সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এই বৈষম্য থাকা উচিত নয়। আর সঞ্চয়পত্রে সুদ হ্রাসই যদি আমাদের উদ্দেশ্য হয় তাহলে আমি সঞ্চয়পত্র ক্রয়কারীদের মধ্যে যারা বৃদ্ধ-বৃদ্ধা তাদের ‘বয়স্ক-ভাতা’ দেওয়ার জন্য অর্থমন্ত্রীকে তাগিদ দেব।’
আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের আয় থেকে ২৫ শতাংশ আয় কর নেওয়ার প্রস্তাব করেন। বাজেট আলোচনায় আরও অংশ নেন আবুল হাসানাত আবদুল্লাহ, এইচ এন আশিকুর রহমান, দবিরুল ইসলাম, ফজিলাতুন্নেসা বাপ্পি, সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।